কোচিং মালিকের বিরুদ্ধে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ
সিরাজগঞ্জে একটি কোচিং সেন্টারের পরিচালকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে।
সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ার বৈদ্যনাথ গ্রামে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ এলাকাবাসী স্থানীয় লুমিনাস্ প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কোচিং সেন্টার ভাংচুর করে। ঘটনার পর থেকে ওই কোচিংয়ের পরিচালক মানিক হোসেন পলাতক রয়েছেন।
নির্যাতিতার পরিবারের সদস্যরা জানান, মানিক তার কোচিংয়ের শিশু শ্রেণির ছাত্র ও নির্যাতিতার ছোট ভাইকে নোট দিতে বৃহস্পতিবার দুপুরে তাদের ঘরে যায়। এসময় বাবা-মা বাড়িতে না থাকায় ছোট ভাইয়ের সামনেই ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। তখন দুই ভাই-বোন চিৎকার করলে মানিক সেখান থেকে পালিয়ে যায়।
এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী মানিকের কোচিং সেন্টারে ভাংচুর করে।
এদিকে বিষয়টি সামাজিক শালিসের মাধ্যমে ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে শিশুটির বাবা বলেন, “আমরা স্বামী-স্ত্রী দুজনই চাকরি করি। ছয় বছর ধরে এখানে আছি। স্থানীয় জনপ্রতিনিধি ও মাতব্বরা এসে বিচারের আশ্বাস দেয়ায় বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়নি।”
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শহিদুল্লাহ খন্দকার দিপন বলেন, “বিষয়টি মীমাংসার জন্য শুক্রবার জুমার পর শালিসি বৈঠক ডাকা হয়েছিল। কিন্ত অভিযুক্ত শিক্ষক পলাতক থাকায় সোমবার আবার বৈঠকের দিন রাখা হয়েছে।”
