২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ আইজিডব্লিউর কল আদান-প্রদান স্থগিত

বকেয়া পরিশোধ না করায় ১০টি ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) প্রতিষ্ঠানের কল আদান-প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 08:41 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন “নির্ধারিত সময়ের পরও সরকারের পাওনা টাকা জমা না দেয়ায় ওই ১০টি প্রতিষ্ঠানের কল টারমিনেশন সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

১০টি প্রতিষ্ঠানের কল আদান-প্রদান বন্ধ করে দেয়ায় কোন সমস্যা হবে না জানিয়ে তিনি বলেন, তবে পাওনা বুঝে পেলে তারা পুনরায় কল টারমিনেট করার সুযোগ পাবে।

বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এই ১০টি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ৩৫০ কোটি টাকা সরকারের পাওনা রয়েছে।

ওই কর্মকর্তা বলেন “কল আদান-প্রদান বন্ধ করে দেয়া প্রতিষ্ঠানগুলো হলো- ভিসন টেল, মোস ফাইভটেল লিমিটেড, এসএম কমিউনিকেশন, ভেনাস টেলিকম, অ্যাপল নেটওয়ার্ক লিমিটেড, র‌্যাংকস টেল, রাতুল টেলিকম, সিগমা ইঞ্জিনিয়ার্স লিমিটেড, ফাস্ট কমিউনিকেশন লিমিটেড ও ওয়ান এশিয়া অ্যালায়েন্স।”

গত বছর ১২ এপ্রিল ২২টি নতুন প্রতিষ্ঠানকে আইজিডব্লিউ লাইসেন্স দেয় সরকার।

আন্তজার্তিক কল আদান-প্রদানে আইজিডব্লিউগুলো কাজ করে থাকে। কল আদান-প্রদানের একটি অংশ বিটিআরসিতে জমা দিতে হয়।