হাতিয়ায় পুলিশ হেফাজত থেকে পালানো দস্যু ‘বন্দুকযুদ্ধে’ নিহত
নোয়াখালীতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া জলদস্যু প্রধান এমরান পুলিশের সঙ্গে `বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন।
সোমবার রাত ৯টার দিকে হাতিয়া উপজেলার আলী বাজার বেড়িবাঁধ এলাকায় দস্যুদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে পুলিশ জানিয়েছে।
এ সময় এমরানের সহযোগী জসিম গণপিটুনিতে নিহত হন বলে জানান জেলা পুলিশ সুপার আনিসুর রহমান।
ঘটনাস্থল থেকে দস্যু বাহিনীর সদস্য সাধু মাঝিকে (৩৫) আহত অবস্থায় আটক করা হয়েছে।
এছাড়া ছয় রাউন্ড গুলি, পাঁচ রাউন্ড রকেট বোম ও একটি বন্দুক উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ সুপার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দস্যুদের হামলা মোকাবেলায় পুলিশ শটগানের ১৫ রাউন্ড গুলি, চাইনিজ রাইফেল থেকে ৪ রাউন্ড এবং পিস্তল থেকে দুই রাউন্ড গুলিবর্ষণ করে।
“বন্দুকযুদ্ধে এমরান নিহত হওয়ার পর পালিয়ে যাওয়াদের মধ্যে জসিমকে আটক করে মারধর করে এলাকাবাসী।”
ওই এলাকায় সাঁড়াশি অভিযান এখনো অব্যাহত আছে, বলেন পুলিশ সুপার।
গত ২৬ অগাস্ট থেকে জেলার উপকূলীয় চরগুলোকে জলদস্যুমুক্ত করার অভিযানের সময় এমরান ও তার সহযোগীরা পালিয়ে ছিল।
রোববার সকালে চট্টগ্রামের চন্দনগর থেকে চার সহাযোগীসহ এমরানকে আটক করা হয়। রাতে তাকে নোয়াখালীর সুধারাম থানায় আনা হয়।
সোমবার সকাল ১০টার দিকে এমরান ও তার সহযোগী জসিম বুকে ব্যথা করছে বলে জানালে পুলিশ তাদেরকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিল। পথে হাসপাতাল সড়ক থেকে রশি পরা অবস্থায় তারা পালিয়ে যায়।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য সুধারাম থানার কনস্টেবল অংচি চাকমা ও প্রীতিময় চাকমাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
