২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ভেজাল দুধ বিক্রেতার সাজা

বাগেরহাটে ভেজাল দুধ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দুই ফল বিক্রেতাকে জরিমানাও করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 03:55 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

সোমবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর ও মাধবী রায়।

হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের কাপুড়েপট্টি ও ফলপট্টি এলাকায় প্রায় দুইঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়।

তিনি জানান, কাপুড়েপট্টিতে দুধ বিক্রেতা সোহরাব ডাকুয়ার (৫০) হাঁড়িতে রাখা দুধে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়।

তাই ভোক্তা অধিকার আইনে তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এরপর ফরমালিন মেশানো দুধ বিনষ্ট করা হয়েছে, বলেন ম্যাজিস্ট্রেট।

তিনি আরো বলেন, ফলপট্টিতে দুটি ফলের দোকানে পেঁপে ও খেজুরে ফরমালিন পাওয়ায় প্রত্যেক ফল বিক্রেতাকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলার সময় দুপুরে ওই এলাকার প্রায় ১৫টি মিষ্টির দোকান বন্ধ করে রাখে মালিকরা। দুঘন্টা পর ভ্রাম্যমাণ আদালত চলে গেলে তারা আবার দোকান খোলে।