২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মার সংযোগ সড়ক নির্মাণ তদারকি করবে সেনাবাহিনী

পদ্মা বহুমুখী সেতুর মাওয়া-জাজিরা পয়েন্টের সংযোগ সড়ক নির্মাণ কাজের তদারকিতে পরামর্শক হিসেবে সেনাবাহিনীকে নিয়োগ দেয়ার অনুমতি দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 09:57 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

রোববার মন্ত্রিসভা বিভাগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী।

প্রকল্প প্রস্তাব অনুযায়ী, ‘জাজিরা অ্যাপ্রোচ রোড অ্যান্ড সিলেক্টেড ব্রিজ অ্যান্ড ফ্যাসিলিটিজ, মাওয়া অ্যাপ্রোচ রোড অ্যান্ড সিলেক্টেড ব্রিজ অ্যান্ড ফ্যাসিলিটিজ এবং সার্ভিস এরিয়া-২’ এর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটিং সার্ভিসের জন্য বুয়েটের সহযোগিতায় সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস ওর্গানাইজেশন এ কাজ করবে।

এ কাজে ব্যয় হবে ২০৫ কোটি টাকা।

ক্রয় সংক্রান্ত কমিটিতে পদ্মা সেতুর ‘এনজিও সার্ভিস ফর ইমপ্লিমেন্টেশন অব রিসেটেলমেন্ট প্ল্যানস’ এর আওতায় নিয়োজিত এনজিও সিসিডিবি কর্তৃক চুক্তিমূল্যের অতিরিক্ত কাজের সংশোধিত চুক্তিমূল্য অনুমোদন করা হয়েছে বলে জানান মুহিত।

আগের চুক্তিমূল্য চার কোটি ৭৬ লাখ থেকে বাড়িয়ে ৭ কোটি ১৩ লাখ করা হয়েছে।

এছাড়া পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের বিস্তারিত নকশা স্বতন্ত্র পরীক্ষা করার জন্য নিয়োজিত ইনডিপেনডেন্ট চেকিং ইঞ্জিনিয়ারেএর অতিরিক্ত কাজের মূল্য অনুমোদন করেছে ক্রয় কমিটি।

আগের মূল্য ১২ কোটি ৮৪ লাখ থেকে ২ কোটি ২ লাখ টাকা বাড়ানো হয়েছে।

ক্রয় সংক্রান্ত কমিটি বাংলাদেশ জুট মিলস করপোরেশন থেকে খাদ্য মন্ত্রণালয়ের এক কোটি ৫০ লাখ পিস বস্তা কেনার প্রস্তাবও অনুমোদন দিয়েছে। এতে খরচ পড়বে ১০৫ কোটি টাকা।