রমজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন
নারায়নগঞ্জের শিশু রমজানকে অপহণের পর হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকার লোকজন।
রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে নিহতের সহপাঠীরাও অংশ নেয়।
এর আগে তারা হত্যাকারীদের শাস্তির দাবিতে শহরের চাঁদমারী এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে।
মানববন্ধনে বক্তারা রমজানের খুনিদের ফাঁসির দাবি জানান।
গত ৭ সেপ্টেম্বর সদরের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্র রমজান সিকদারকে (৯) অপহরণের পর ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরদিন তাকে শেরপুরের নকলায় নিয়ে হত্যা করে।
রমজান জালকুড়ি এলাকার ইসমাইল শিকদারের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় রমজানের মা মর্জিনা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।
