২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 09:16 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরের এ সংঘর্ষে পথচারীসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ছাত্রলীগকর্মী ফজলুল হক, রিপন, মনির ও মানিককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাকিদের রামগঞ্জ সরকারি হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রামগঞ্জ থানার ওসি (তদন্ত) রেজা মাহবুব আলফু বলেন, রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের ১ম বর্ষের ক্লাস কমিটির সাধারণ সম্পাদক পান্না ও একই ক্লাসের ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলামের মোবাইল ফোন নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুজনের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় পান্না, মনির, ফজলুল হক, রিপন, মানিক, সাইফুল ইসলাম, জামাল, সৌরভ, খোরশেদ, এমরান ও শিহাবসহ প্রায় অর্ধশত লোক আহত হয়।

সংঘর্ষের খবরে পান্নার পক্ষ নিয়ে তার নিজ গ্রাম সোনাপুরের বাসিন্দারা এবং  সাইফুলের পক্ষ নিয়ে তার সাতারপাড়া গ্রামের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এ সময় ক্যাম্পাস এলাকার ১০/১২টি দোকানও ভাঙচুর হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩০/৩৫ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

এ বিষয়ে ওসি রেজা মাহবুব আলফু জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০/৩৫ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।