২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আট ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 07:33 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত র‌্যাব-৭ এর ১৫টি দল একযোগে নগরীর বন্দর, পতেঙ্গা, পাহাড়তলি, জামালখান, কাট্টলী এলাকায় অভিযান চালায়।

সনদ ও নিবন্ধন না থাকায় তাদের প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

গ্রেপ্তাররা হলেন- এম এইচ কবির, এম আর নিজামী, হারুন-আর-রশিদ, এম জি ভুঞা, অসীম সেন, গোপাল মজুমদার, আর কে সাহা (জীবন) ও নেপাল দাশ গুপ্ত।

শনিবার বিকালে নগরীর জামালখান এলাকায় নাহার ডায়গনস্টিক নামের একটি বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্রে র‌্যাব-৭ এর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

ওই রোগ নিরাময় কেন্দ্র থেকে গোপাল মজুমদার নামে ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করে র‌্যাব। পরে গ্রেপ্তার অন্য সাত জনকে সেখানে আনা হয়। 

র‌্যাব-৭ এর অধিনায়ক কমান্ডার এম সাহেদ করিম বলেন, এক মাস ধরে ভুয়া চিকিৎসকদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। পরে র‌্যাবের ৫০ জনের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

তিনি জানান, প্রাথমিক তালিকায় ১৪ জনের নাম ছিল। এর মধ্যে ১০ জনকে চেম্বারে পাওয়া গেছে। তথ্য যাচাইয়ের পর তাদের মধ্য থেকে আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার নামজুল হকের নেতৃত্বে অভিযানে অংশ নেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা ও চট্টগ্রাম সিভিল সার্জনের প্রতিনিধি ডা. এইচ এম আহসানুল হক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার আটজন এমবিবিএস, এমডি, পিএইচডি, পিজিটি, মেডিসিন এবং চর্ম ও শিশু বিষয়ে বিভিন্ন বিশেষজ্ঞ ডিগ্রির বিবরণ দিয়ে প্রতারণামূলকভাবে রোগী দেখছিল।

র‌্যাব কর্মকর্তা নাজমুল হক বলেন, দণ্ডিত ভুয়া চিকিৎসকরা জানিয়েছেন তাদের চিকিৎসায় রোগী দ্রুত ভাল হয়। সে কারণে তাদের কাছে রোগীও বেশি আসে।

এর কারণ ভুয়া চিকিৎসকরা উচ্চ মাত্রার অ্যান্টিবায়েটিক, স্টেরোয়েড, ব্যথানাশক ডাই ক্লোফেনাক, ইমোটিল জাতীয় এবং গ্যাসট্রিকের ওষুধ এই পাঁচ ধরনের ওষুধ বেশি লেখেন।

ডা. এইচ এম আহসানুল হক বলেন, পরীক্ষা নিরীক্ষা ছাড়াই উচ্চ মাত্রার অ্যান্টিবায়েটিক ও স্টেরোয়েড সেবন অত্যন্ত বিপদজনক। এ ধরনের চিকিৎসা দীর্ঘ মেয়াদে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলাসহ জটিল রোগের কারণ হতে পারে।

ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বলেন, ২০১০ সালের বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইনের ২২ ধারা অনুসারে বিএমডিসি নিবন্ধন না থাকায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।