২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ

হরতালের সমর্থনে রাজধানীর পল্টনে ঝটিকা মিছিল বের করে তিনটি মোটরসাইকেলে আগুন দিয়েছে একদল জামায়াত-শিবির কর্মী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 09:54 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

বুধবার সন্ধ্যা ৭টার দিকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের পাশের সড়কে এ মিছিল বের হয়। মিছিল থেকে কয়েকটি গাড়ি ভাংচুরের পাশাপাশি চারটি হাতবোমারও বিস্ফোরণ ঘটানো হয়।

পরে পুলিশ ধাওয়া দিলে পালিয়ে যায় হরতালকারীরা।

পল্টন থানার ডিউটি অফিসার শহীদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর থেকে বায়তুল মোকাররম এলাকায় পুলিশের পল্টন জোনের সহকারী কমিশনার সাইফুর রহমানের নেতৃত্বে ব্যাপক অভিযান চলছে।

অভিযানে এরইমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানালেও তাদের প্রকৃত সংখ্যা বলতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

অবশ্য ঘটনাস্থল থেকে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্তত দুজনকে আটক করতে দেখেছেন তিনি।

যুদ্ধাপরাধে দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায়ের পর বুধবার সকাল থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।