হরতাল প্রতিহতের ডাক গণজাগরণ মঞ্চের
জামায়াতে ইসলামীর ডাকা হরতাল প্রতিহতের আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ।
মঙ্গলবার যুদ্ধাপরাধে দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায়ের পর বুধবার থেকে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে জামায়াত।
হরতাল প্রত্যাখ্যান করে বুধ ও বৃহস্পতিবার সকালে হরতালবিরোধী মিছিল করবে জাগরণ মঞ্চ।
এছাড়া যুদ্ধাপরাধ মামলার রায় দ্রুত বাস্তবায়ন এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আগামী শুক্রবার শাহবাগে বিক্ষোভ-সমাবেশ আহ্বান করেছে তারা।
কাদের মোল্লার মৃত্যুদণ্ডের আদেশে বিকালে আনন্দ মিছিল করে জাগরণ মঞ্চ।
এরপর মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “জামায়াত-শিবির সন্ত্রাসী সংগঠন। এটা আদালতে প্রমাণিত। গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে আমরা তাদের আগামী দুই দিনের হরতাল কর্মসূচি প্রত্যাখ্যান করলাম।”
হরতালের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার সকাল ১১টায় শাহবাগ প্রজন্ম চত্বর থেকে মিছিল শুরু হবে বলে জানান তিনি।
কর্মসূচিতে যোগ দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
