ফাঁসি না দেখে মিষ্টিমুখ নয়: ইমরান
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করলেও শাহবাগে জড়ো হওয়ার অন্যদের মতো মিষ্টি খেতে রাজি হননি গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
মঙ্গলবার আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পরপরই উল্লাসে ফেটে পড়ে শাহবাগ আন্দোলনকারীরা। গত ৫ মে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে কাদের মোল্লার যাবজ্জীবন সাজার আদেশ প্রত্যাখ্যান করে তাদের আন্দোলন শুরু হয়।
অবশেষে ফাঁসির রায়ের পর শাহবাগে অনেকে মিষ্টি খান। ইমরানকে মিষ্টি সাধা হলেও তিনি তা মুখে নেননি।
মঞ্চের মুখপাত্র বলেন, “অন্তত একটি ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমি মিষ্টি খাব না।”
রায়ের আগে সোমবার রাতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেছিল যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবির আন্দোলনকারীরা। তবে বৃষ্টির কারণে রাতে কর্মসূচি স্থগিত করে।
সকালে পুনরায় অবস্থান কর্মসূচির শুরুতে উপস্থিতি কম থাকলেও দুপুর নাগাদ বিভিন্ন স্কুল-কলেজ থেকে শিক্ষার্থীরা এসে শাহবাগে জড়ো হয়। বিকাল ৪টায় ‘বিজয়’ মিছিলের কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ।
রায়ে সন্তোষ প্রকাশ করে ইমরান সাংবাদিকদের বলেন, “দীর্ঘ দিন ধরে ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছিলাম, এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার নিয়ে আমাদের মনে যে শঙ্কা ছিল, তা দূর হয়েছে।”
“এভাবে চললে একটা একটা করে মামলা নিষ্পত্তি হতে অনেক সময় লেগে যাবে,” মন্তব্য করে আপিল বিভাগকে গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে অনুরোধ করেন ইমরান।
জামায়াত নিষিদ্ধের দাবি তুলে তিনি বলেন, “স্বাধীনতাবিরোধী এই রাজনৈতিক দলটির বিরুদ্ধে তদন্ত শেষ করে দ্রুততর সময়ে তাদের নিষিদ্ধ করা উচিত।”
গত ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর আদালত ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় কাদের মোল্লার দেখানো ‘ভি’ বা বিজয় চিহ্ন খবরে প্রকাশিত হওয়ার পর রাজধানীর তরুণরা বিক্ষোভ প্রদর্শন করতে শাহবাগ মোড়ে জড়ো হয়ে বিরল এক সমাবেশের সৃষ্টি করে।
দেশ-বিদেশে বাংলা বসন্ত নামে পরিচিত পাওয়া সর্বস্তরের মানুষের অভূতপূর্ব এই অহিংস সমাবেশ থেকে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবি ওঠে।
ইমরান বলেন, “ট্রাইব্যুনালের রায়ের দিন কাদের মোল্লা যে ঔদ্ধত্য দেখিয়েছে, ফাঁসির রায় তারই জবাব হয়েছে।”
