জাগরণের আনন্দ সমাবেশ
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রথম চূড়ান্ত রায়ে জামায়াতে ইসলামী নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ে আনন্দ সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ।
মঙ্গলবার সকালে আপিল বিভাগের রায় পেয়ে শাহবাগে আনন্দ সমাবেশে রূপ নেয় ছাত্র-জনতার অবস্থান।
গত ফেব্রুয়ারিতে বিচারিক আদালতে কাদের মোল্লার যাবজ্জীবনের রায় প্রত্যাখ্যান করে শাহবাগে শুরু হয়েছিল প্রতিবাদী জমায়েত।
রায় ঘোষণার পরপরই শাহবাগে উল্লাসে ফেটে পড়েন গণজাগরণ মঞ্চের কর্মীরা। সকাল থেকে বৃষ্টি হওয়ায় শুরুর দিকে ভিড় কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে।
জাতীয় পতাকা হাতে ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’- স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ। অনেককেই দেখা যায় মিষ্টি বিতরণ করতে।
বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠন ব্যানারসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করে শাহবাগের জাদুঘরের সামনে। প্রতিটি মিছিল পৌঁছার সঙ্গে সঙ্গে স্লোগান আর উল্লাসে তাদের স্বাগত জানায় অবস্থানরত কর্মীরা।
রায়ের তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “দীর্ঘ দিন ধরে ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছিলাম, এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার নিয়ে আমাদের মনে যে শঙ্কা ছিল তা দূর হয়েছে।”
রায় দ্রুত কার্যকরের দাবিও জানান তিনি।
জাতীয় জাদুঘর দেখতে এসে ফাঁসির রায়ের খবর পেয়ে শাহবাগের সমাবেশে যোগ দেন সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী। এদেরই একজন অনন্যা অপু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কুখ্যাত রাজাকারের ফাঁসিতে আমরা খুশি।”
অন্য যুদ্ধাপরাধীদেরও যেন একই রায় হয় এবং তা দ্রুত কার্যকর হয় সেই প্রত্যাশা জানান সিটি কলেজের এই শিক্ষার্থী।
গত ফেব্রুয়ারিতে অন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের পর ক্ষোভ থেকে গড়ে ওঠে শাহবাগের গণজাগরণ মঞ্চ। প্রায় মাসজুড়ে দিনরাত শাহবাগ মোড়ে চলে এই সমাবেশ।
ওই আন্দোলনের মুখে আইন সংশোধন করে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের পাশাপাশি প্রসিকিউশনেরও আপিলের সুযোগ তৈরি করা হয়।
গত ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর আদালত ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় কাদের মোল্লা ‘ভি’ বা বিজয় চিহ্ন দেখান। যুদ্ধাপরাধীর বিজয় চিহ্ন দেখেই ক্ষোভে ফেটে পড়েছিল তরুণরা।
ওই ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে ইমরান বলেন, “ট্রাইব্যুনালের রায়ের দিন কাদের মোল্লা যে ঔদ্ধত্য দেখিয়েছে ফাঁসির রায়ে তারই জবাব হয়েছে।”
