মুক্তিপণ পেয়েও হত্যার অভিযোগ
বাগেরহাটে পাঁচ লাখ টাকা মুক্তিপণ নিয়েও দুর্বৃত্তরা এক অপহৃতকে গুলি চালিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা ক্যাম্পের রায় বাগনি খালে বাদশা হাওলাদারকে (৫২)হত্যা করা হয় বলে তা স্ত্রী শেফালী বেগম জানান।
রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ওই খালে নিহতের লাশ পেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
নিহত বাদশা শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের কাদের হাওলাদারের ছেলে।
দুই দিন আগে দুর্বৃত্তরা তাকে বাড়ি থেকে তুলে নেয়ার পর পুলিশকে জানানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেন শেফালী।
তবে অভিযোগ অস্বীকার করে শরণখোলা থানার ওসি হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার নিহতের মেয়ের জামাই থানায় অভিযোগ করার পর থেকেই পু্লিশ বাদশাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছিল।
বিকালে অজ্ঞাতনামা তিন অস্ত্রধারী নিহতের স্ত্রীর কাছ থেকে নগদ পাঁচ টাকা নেয়ার পর তার গলায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে বলে তিনি জানতে পারেন।
শেফালী বলেন, মঙ্গলবার শেষ রাতে তার স্বামীকে ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অস্ত্রধারীরা অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারীদের দাবি মতো তিনি এই দিন বিকালে পাঁচ লাখ টাকা নিয়ে একটি ডিঙ্গি নৌকা নিয়ে রায় বাগনি খাল এলাকায় যান।
টাকা হাতে পেয়েই মুখোশধারীরা বাদশাকে গুলি করে চলে যায়। গুলির শব্দে নিজে অচেতন হয়ে পড়েন বলে শেফালী জানান। শেফালীকে তার নৌকার মাঝি পাশের ভোলা ক্যাম্পে নিয়ে যায়।
