গাইবান্ধায় দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর-সুন্দরগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।
রোববারের ওই দুর্ঘটনায় অপর এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
নিহত আব্দুল লতিফ উপজেলার উত্তর শ্রীপুর আব্দুল ছাত্তার দাখিল মাদ্রাসার তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করতেন।
সুন্দরগঞ্জ থানার ওসি কায়ছার আলী খান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, আব্দুল লতিফ মাদ্রাসার কাজে প্রতিষ্ঠানের সভাপতি আব্দুর ছাত্তারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে সুন্দরগঞ্জ সদরে যাচ্ছিলেন।
“পথে একটি কুকুর হঠাৎ মোটরসাইকেলের সামনে এসে লাফিয়ে পড়লে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়েন।”
এতে ঘটনাস্থলেই তিনি মারা যান বলেও জানান তিনি।
শিক্ষকের সঙ্গে থাকা আবদুস সাত্তারকে গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
