ভিডিও ফুটেজ দেখে ৭ ডাকাত গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ‘আন্তঃজেলা ডাকাত চক্রের’ সাতজনকে আটক করেছে র্যাব, যারা রাজধানীতে ৫০টি ডাকাতিতে জড়িত ছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
তারা হলেন, বাপ্পী (২৫), লিটন চক্রবর্তী (২৫), মো. লিটন (৩০), মো. আনোয়ার (৩০), মো. জাহাঙ্গীর হোসেন (৩২), মোশারফ হোসেন (২৫) ও সিরাজ মিয়া (২০)।
তাদের কাছে গ্রিল কাটার, চাপাতি, রেঞ্চ, ছোড়া ও লোহার বাট পাওয়া গেছে।
র্যাব-২ এর অপারেশন অফিসার রায়হান উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পযর্ন্ত অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
তিনি বলেন, গত এক মাসে রাজধানীতে এ চক্রটি ৫০টির মতো ডাকাতির সঙ্গে জড়িত বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
গত ২ অগাস্ট রাজধানীর প্রগতি সরণির ওয়াল্টন শো-রুমে ডাকাতি হয়। ডাকাতির ঘটনাটি ওয়াল্টনের ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়ে। কর্তৃপক্ষের মাধ্যমে পাওয়া ভিডিওটি দেখে তাদের সনাক্ত করা হয়।
