২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বোমাসহ গ্রেপ্তার শিবিরকর্মী ৩ দিনের রিমান্ডে

চট্টগ্রাম রেল স্টেশনে বোমাসহ গ্রেপ্তার শিবিরকর্মীকে বিস্ফোরক আইনের মামলায় তিন দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 06:59 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

গ্রেপ্তার ফরিদ উদ্দিনের পাঁচদিনের রিমান্ড চেয়ে পুলিশের করা আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম নূর এ আলম ভূঁইয়া তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের বটতলি (পুরাতন) রেল স্টেশনের ওভারব্রিজের দক্ষিণ পাশ থেকে ফরিদকে গ্রেপ্তারের পর রাতেই সদরঘাট থানার এসআই আনোয়ার হোসেন বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা করে। 

মামলার তদন্ত কর্মকর্তা সদরঘাট থানার এসআই ভবেশ চন্দ্র বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ফরিদকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের হেফাজতে নেয়ার আবেদন করা হয়। ওইদিন তাকে কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার শুনানির দিন ঠিক করে আদালত।

“আদালত শুনানি শেষে আজ (বৃহস্পতিবার) ফরিদকে তিন দিনের হেফাজতে আনার অনুমতি দেয়।”

ফরিদ নগরীর হাজী মুহাম্মদ মহসিন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি ভোলা জেলার দৌলতপুরের আবদুল মান্নানের ছেলে। নগরীর সদরঘাট থানাধীন কামাল গেইট এলাকায় থাকে।

স্টেশনের ওভার ব্রিজ দিয়ে যাওয়ার সময় তল্লাশি করে তার ব্যাগে ১২টি রকেট ফ্লেয়ার ও গ্রেনেডসদৃশ্য তিনটি হাতবোমা পায় পুলিশ।

রেল স্টেশন এলাকায় বড় ধরণের ধংসাত্মক কাজের জন্য বিস্ফোরকগুলো নেয়া হচ্ছিল বলে পুলিশের ধারনা।