তাইন্দং সহিংসতা: বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দংয়ে পাহাড়ি গ্রামে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং নিরাপত্তার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে পার্বত্য চট্টগ্রামের চারটি সংগঠন।
বৃহস্পতিবার সকালে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
“পার্বত্য চট্টগ্রামে উগ্র সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ কর”- এই শ্লোগানে সকালে খাগড়াছড়ি শহরের স্বনির্ভর এলাকার ঠিকাদার সমিতি ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে এ চার সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলটি নারাঙহিয়া, উপজেলা, চেঙ্গী স্কয়ার হয়ে শাপলা চত্বরের দিকে যেতে চাইলে পুলিশ মহাজন পাড়ার সূর্যশিখা ক্লাবের সামনে আটকিয়ে দেয়। পরে তারা সেখানে রাস্তার উপর এক প্রতিবাদ সমাবেশ করে।
গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নিকোলাস চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফ এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য জিকো ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি উমেশ চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক শিখা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রজেন্টু চাকমা ।
বক্তারা বলেন, তাইন্দং হামলার এক মাস পেরিয়ে গেলেও সরকার এখনো ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের কোন উদ্যোগ নেয়নি।
বক্তারা অবিলম্বে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানসহ পুনর্বাসন, হামলায় জড়িত সকলকে গ্রেপ্তার ও বিচার, হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, হামলার সঙ্গে সংশ্লিষ্ট বিজিবি কমান্ডারদের শাস্তি, পাহাড়িদের নিরাপত্তায় নিজস্ব গ্রাম প্রতিরক্ষা দল বা ভিডিপি গঠনের অনুমতি, ক্ষতিগ্রস্তদের ৫ বছরের রেশনিং-এর ব্যবস্থা গ্রহণ, সেটলার বাঙালিদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সমতলে সম্মানজনক পুনর্বাসন এবং পাহাড়িদের জানমালের নিরাপত্তা ও এ ধরনের সাম্প্রদায়িক হামলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
গত ৩ অগাস্ট তাইন্দংয়ে এক বাঙালি মোটরসাইকেল চালক অপহরণের খবরে পাহাড়ি গ্রামে হামলা-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় দুটি বৌদ্ধমন্দিরেও হামলার ঘটনা ঘটে।
হামলা থেকে বাঁচতে পাহাড়িরা জঙ্গলে ও ফেণী নদী পাড় হয়ে সীমান্তের শূন্য রেখায় গিয়ে আশ্রয় নেন।
