২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় স্কুলের দপ্তরিকে অপহরণ, ৪ লাখ টাকা দাবি

যশোরের শার্শার পল্লীতে এক হাইস্কুলের দপ্তরিকে ঢাকা থেকে অপহরণ করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 10:47 AM

Updated : 23 Aug 2022, 06:51 PM

শার্শা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জলিল জানান, উপজেলার কায়বা গ্রামের বাসিন্দা ও বাইকোলা হাই স্কুলের দপ্তরি কাজেম উদ্দীনের স্ত্রী লিপিআরা খাতুন বুধবার জেলা পুলিশ সুপারের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।

এতে বলা হয়েছে, বহিলাপোতা গ্রামের আব্দুল কাদেরের ছেলে নজরুল ইসলাম ও জমির গাজির ছেলে আব্দুল কাদের গত ২৮ অগাস্ট কাজেম উদ্দীনকে অপহরণ করেন।

লিপিয়ারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার স্বামী ব্যক্তিগত কাজে ঢাকায় গিয়েছিলেন। সেখানেই নজরুল ও কাদের নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে অপহরণ করে এবং পরে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

মুক্তিপণের জন্য যে দুটি মোবাইল থেকে ফোন করা হয়েছিল তার নম্বরও পুলিশকে দিয়েছেন লিপিআরা।

তিনি বলেন, টাকা না দিলে তার স্বামীর লাশ বাড়িতে পাঠানো হবে বলে হুমকি দিচ্ছে অপহরণকারীরা।  

পরিদর্শক জলিল বলেন, “অপহৃত কাজেম উদ্দীনকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার চেষ্টা চলছে।”