দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু, সীতাকুণ্ডে সড়ক অবরোধ
সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হওয়ার পর সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয়রা।
মহাসড়ক পুলিশের বার আউলিয়া ফাঁড়ির পরিদর্শক সোহেল ইমতিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দেড়টার দিকে মহাসড়ক সংলগ্ন বিএসআরএম স্টিল মিল সড়কে ট্রাকচাপায় তসলিম উদ্দিন নামে এক স্কুলছাত্র আহত হয়।
চিকিৎসাধীন অবস্থায় ২টার দিকে তার মৃত্যু হলে গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে।তারা সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় অবরোধ করলে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
ইমতিয়াজ জানান, এ সময় উত্তেজিত জনতা বিএসআরএম স্টিল মিলের একটি ট্রাকে আগুন দেয় এবং তাদের ছোড়া ঢিলে সীতাকুণ্ড থানার ওসি সামিউল ইসলাম মাথায় আঘাত পানভ
পরে পুলিশ কর্মকর্তারা দোষীদের শাস্তির আশ্বাস দিলে বিকাল সোয়া ৫টার দিকে এলাকাবাসী অবরোধ তুলে নেয় বলে পরিদর্শক ইমতিয়াজ জানান।
সড়ক দুর্ঘটনায় নিহত তসলিম (১২) সোনাইছড়ি হাই স্কুলের ছাত্র এবং মধ্যম সোনাইছড়ি গ্রামের মো. ইছহাকের ছেলে।
