২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়িয়ায় পদ্মায় ভাঙন, শতাধিক স্থাপনা বিলীন

পদ্মার ভাঙনে গত ২৪ ঘণ্টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার শতাধিক পরিবারের বাড়িঘর বিলীন হয়ে গেছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 05:12 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

কেদারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ঈমাম হোসেন দেওয়ান জানান, সোমবার থেকে হঠাৎ পদ্মার ভাঙনের তীব্রতা বেড়ে যায়।

গত ২৪ ঘণ্টায় পদ্মার ভাঙনে ওয়াপদা বাজারের ৫০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শতাধিক পরিবার গৃহহীন হয়েছে।

এছাড়া হুমকির মুখে রয়েছে চরজুজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নড়িয়ার ৫০ শয্যার মুলফৎগঞ্জ সরকারি হাসপাতাল, কেদারপুর উচ্চ বিদ্যালয়, মুলফৎগঞ্জ বাজারসহ বহু স্থাপনা।

কেদারপুর ইউনিয়নের পাঁচগ্রাও গ্রামের শাহজাহান জানান, “ভোর রাতের দিকে হঠাৎ তীব্র ভাঙন শুরু হয়। লোকজন আসতে আসতে একটি ঘর নদীতে চলে যায়, কোনরকম আরেকটি ঘর রক্ষা করেছি।”

ওয়াপদা বাজারের ব্যবসায়ী দাদন মুন্সী বলেন, ১৯৮১ সালে বাজারটি প্রতিষ্ঠার পর ভাঙনের কারণে প্রতিবছরই বাজারটি আংশিক স্থানান্তর করতে হয়।

“এবার পুরো বাজারটিই নদীতে বিলীন হয়ে গেছে,” বলেন তিনি।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, নদী ভাঙন একটি চলমান প্রক্রিয়া। গত কয়েকদিন ধরে এর তীব্রতা বেড়েছে। জেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে ২১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

ভাঙনে ক্ষতিগ্রস্থদের তালিকা করে সরকারিভাবে সহায়তা দেয়া হবে বলেও তিনি জানান।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল খালেক বলেন, উজান থেকে নামা প্রবল স্রোতের কারণে নদীর তীরে বসবাসরতদের ঘরবাড়ি, দোকানপাট, রাস্তাঘাট, ব্রিজকালভার্টসহ বিভিন্ন স্থাপনা প্রতিমূহুর্তেই পদ্মাগর্ভে চলে যাচ্ছে।

“ভাঙনের ভয়াবহতা ও অসহায় মানুষগুলোর অবস্থা দেখে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। অর্থ বরাদ্দ না থাকায় এই মূহূর্তে আমরা কিছুই করতে পারছি না,” বলেন খালেক।