‘ইউনূসের হেকিমি দাওয়াই ছাড়া গ্রামীণ ব্যাংক হতো না’
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসকে নিয়ে মন্ত্রীদের সমালোচনা ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন ব্যাংকটির নির্বাচিত পরিচালকরা।
বিএনপির আন্দোলনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নোবেলজয়ী ইউনূসের অবস্থান জানানোর পর একে কেন্দ্র করে তার সমালোচনা করে আসছেন সরকারি দলের নেতারা।
এর পরিপ্রেক্ষিতে সোমবার রাতে একটি বিবৃতি দিয়ে নিজেদের সাবেক ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে অবস্থান পুনরায় জানান গ্রামীণ ব্যাংকের এই পরিচালকরা।
নির্দলীয় সরকার ছাড়া এই মুহূর্তে দেশে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়- ইউনূসের এই বক্তব্য দেশের অধিকাংশ মানুষের মতামতের ‘প্রতিফলন’ বলে দাবি করেন তারা।
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের এক বক্তব্যের জবাবে বিবৃতিতে বলা হয়, “তিনি বলেছেন, ড. ইউনূস নাকি খানকাহ শরীফ খুলে বসেছেন, হেকিমি দাওয়াই দিচ্ছেন।
“এখন থেকে প্রায় ৪০ বছর আগে বাংলাদেশের এক কোণে এক অজ পাড়াগাঁয়ে হেঁটে হেঁটে ড. ইউনূস গ্রামের দরিদ্র মানুষদের সংগঠিত করেছেন।”
“রাজধানীতে সুরম্য অট্টালিকায় শীতাতপ-নিয়ন্ত্রিত কক্ষে মিটিং করে গ্রামীণ ব্যাংকের জন্ম হয়নি। ড. ইউনূসের ‘হেকিমি দাওয়াই’ ছাড়া নোবেলবিজয়ী এই প্রতিষ্ঠানের জন্ম হত না।”
বয়স অতিক্রান্ত হওয়ার কারণ দেখিয়ে তিন বছর আগে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে ইউনূসকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে হেরে পদত্যাগ করেন তিনি।
এরপর গ্রামীণ ব্যাংক নিয়ে বিভিন্ন পদক্ষেপে সরকারের সমালোচনা করে আসছেন ইউনূস। সরকার গ্রামীণ ব্যাংক ভেঙে দিতে চাইছে বলেও অভিযোগ তার।
গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের পদক্ষেপের সমালোচনা করে বিএনপি ইউনূসের পক্ষে দাঁড়িয়ে বলেছে, তারা ক্ষমতায় গেলে গ্রামীণ ব্যাংকের বর্তমান কাঠামো অবিকৃত রাখবে।
তাহসিনা খাতুনের পাঠানো ওই বিবৃতিতে ইউনূসকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করা হয়েছে।
“একজন মন্ত্রী জনসভায় বলেছেন যে, ড. ইউনূস নাকি সুদখোর এবং মানি লন্ডারিংয়ের সঙ্গে যুক্ত। দেশের বর্তমান সরকার প্রধানও ইতিপূর্বে ড. ইউনূসকে আকারে ইঙ্গিতে সুদখোর বলেছেন। কিন্তু ড. ইউনূস তো ব্যাংকের মালিক নন, তাহলে তিনি সুদখোর হলেন কিভাবে? সুদ খেলে মালিকরা খেতে পারেন। সে হিসেবে সরকারই বরং তার অংশ নিচ্ছে।”
গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচন বিধি পরিবর্তনের উদ্যোগেও আপত্তি জানানো হয় বিবৃতিতে।
“গ্রামীণ ব্যাংকের বর্তমান পরিচালক নির্বাচনী বিধি দুই দশকেরও বেশি সময় ধরে ব্যাংকের ৮৪ লক্ষ সদস্যের প্রতিনিধিত্ব নিশ্চিত করে আসছে এবং ব্যাংকের জন্য একটি কার্যকর, দায়িত্বশীল ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে সহায়তা করেছে।”
ইউনূস কৌশলে রাজনীতি করছেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিবৃতিতে বলা হয়, “মন্ত্রীর কথায় মনে হচ্ছে, এদেশে দু’ধরনের মানুষ আছেন- যারা রাজনীতি বিষয়ে কথা বলতে পারবেন এবং যারা রাজনীতি বিষয়ে কথা বলতে পারবেন না।
“মন্ত্রী জনগণের মধ্যে যে বিভাজন তৈরি করেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা জনগণ সম্পর্কে তার উন্নাসিক ও নেতিবাচক মনোভাবই প্রকাশ করে।”
ইউনূসের সমালোচনা বাদ দিয়ে মন্ত্রীদের দেশের প্রকৃত সমস্যাগুলো সমাধানের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিদাতারা বলেন, “নইলে দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না।”
