২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গ্রামীণ নামটি আর কেউ ব্যবহার করতে পারে না’

গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড পর্যালোচনায় গঠিত কমিশন বলেছে, আইন অনুযায়ী গ্রামীণ নামটি অন্য কেউ ব্যবহার করতে পারে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2013, 10:23 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

কমিশনের প্রতিবেদন হাতে পেয়ে সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের একথা জানান।

প্রতিবেদন পেয়ে সরকারে পরবর্তী পদক্ষেপ জানতে চাইলে তিনি বলেন, “এক মাসের মধ্যে গ্রামীণ ব্যাংক মিশন শেষ করবে সরকার।”

গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, “আমার ফার্স্ট কনসার্ন হচ্ছে প্রটেকশন অব দ্য গ্রামীণ ব্যাংক অ্যান্ড ইটজ রেপুটেশন।”

তবে সময়ের অভাবে অসংখ্য অনিয়মের নিষ্পত্তি হবে না, একথাও বলেন তিনি।

গ্রামীণ ব্যাংক কমিশনের সদস্য আজমালুল হোসেন কিউসি গত শনিবার তাদের প্রতিবেদন মন্ত্রীর কাছে জমা দেন।

এরপর গ্রামীণ ব্যাংক কমিশনের চেয়ারম্যান মো. মামুনুর রশিদের সঙ্গে আলোচনা করেন মুহিত। এরপরই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মুহিত জানান, গ্রামীণ ব্যাংক যে অধ্যাদেশে প্রতিষ্ঠিত সে অনুযায়ী ‘গ্রামীণ’ নামটি আর কেউ ব্যবহার করতে পারে না বলে কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

“কিন্তু ইউনূস সাহেব এটা করেছেন। কারণ উনি-ই গ্রামীণ!”

তাহলে ‘গ্রামীণফোন’ নামটি বৈধ কি না- প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী মুহিত বলেন, “সিম্পল। সেই জন্যই তো এই ঝগড়াটা, ক্লেইমটা। ইউনূস সাহেব বলেন, গ্রামীণফোনের সঙ্গে গ্রামীণ ব্যাংকের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা বলি, আছে।

“ইউনূস সাহেব তার নোবেল বক্তৃতাতেও বলেছেন, গ্রামীণফোনের মাধ্যমে নারীরা প্রযুক্তি শিখবে, তাদের ক্ষমতায়ন হবে। কিন্তু কী হয়েছে, তা তো আপনারা জানেন।”

গ্রামীণ ব্যাংকের সদ্য বিদায়ী চেয়ারম্যান মোজাম্মেল হক গ্রামীণফোন থেকে গ্রামীণ ব্যাংকের যে টাকা পাওয়ার কথা বলেছিলেন সে প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “এটা হয়ত পাওয়া যেত। এজন্য আরো কিছু এডিশনাল ওয়ার্ক করা দরকার।”

“সেটা হচ্ছে ওদের একাউন্টস একটু পরীক্ষা করা, উইথ অডিটরস। পরীক্ষা করলে এই কেসটা অনেক ভালো হতো। সেটা করার সময় ছিল না।

মুহিত এই প্রসঙ্গে আরো বলেন, “সেই টাকার হিসাব ইউনূস সাহেবের কাছে আছে। তার কোম্পানির কাছে আছে। তবে এটা জানতে পারাটা কিছু না। এটা পাবলিক ডমেইনে আছে।

“আমার কাছে মনে হয়েছে যে, দি হোল সিস্টেম অব ফিন্যান্সিয়াল ট্রানজেকশন হ্যাজ বিন মেইড ডিফিক্যাল্ট। এবং ইউনূস সাহেব এটা ইচ্ছে করেই করেছেন। একটা কোম্পানির হিসেব আরেকটা কোম্পানির মধ্যে ঢুকিয়ে রেখেছেন।”

এক্ষেত্রে রীতি-নীতি-আইন সবই ড. ইউনূস লঙ্ঘন করেছেন বলে দাবি করেন অর্থমন্ত্রী।

ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসের অপসারণের ১৪ মাস পর ২০১২ সালের মে মাসে গ্রামীণ ব্যাংকের ‘ভবিষ্যৎ নির্ধারণে' কমিশন গঠন করে সরকার।

ওই কমিশন গঠনের এক বছরের বেশি সময় পর তাদের প্রতিবেদন হাতে পেলেন অর্থমন্ত্রী।

গ্রামীণ ব্যাংক পরিচালনার ক্ষেত্রে দুর্বলতা ও বাধাগুলো খুঁজে বের করা, এই প্রতিষ্ঠানে সুশাসন, জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা, গ্রামীণ ব্যাংকের লক্ষ্য-উদ্দেশ্য ও আইনি কাঠামো এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড পর্যালোচনা, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদে সদস্য নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনা এবং কিভাবে এই ব্যাংক সরকারের নিয়ন্ত্রক সংস্থাগুলোর অধীনে নেয়া যায়, সে বিষয়ে সুপারিশ করার দায়িত্ব দেয়া হয় সাবেক সচিব মো. মামুনুর রশিদ নেতৃত্বাধীন চার সদস্যের এই কমিশনকে।

প্রতিবেদন তৈরিতে কমিশনের সীমাবদ্ধতা ছিল স্বীকার করে মুহিত বলেন, সরকার তাদের যথেষ্ট সময় দিতে পারেনি, যাতে গ্রামীণের ৫৪টি সহযোগী প্রতিষ্ঠানের সব কিছু তারা খতিয়ে দেখতে পারেন।  

গ্রামীণ ব্যাংকের বর্তমান কার্যক্রমের সমালোচনা করে ব্যাংকটির অধ্যাদেশ অনুমোদনের সময় অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা মুহিত বলেন, “গ্রামীণ ব্যাংকের একটাই বিজনেস, সেটা হল মাইক্রোক্রেডিট দেয়া। সেটা কাদের দেবে, তাও স্পষ্ট করা আছে। কিন্তু এত ব্যবসায় জড়ানো ঠিক হয়নি।”

ঋণগ্রহীতারা ব্যাংকটির শেয়ারহোল্ডার হতে পারে কি না- সেই প্রশ্নও তুলেছে কমিশন।

“এই রিপোর্টে দেখা যাচ্ছে, ৫৩ লাখ সদস্য শেয়ার হোল্ডার। কিন্তু ইউনূস সাহেব দাবি করেন, ৮২ লাখ। বাকিদের কী হবে?”

কমিশন সুপারিশ করেছে, বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে গরিব সদস্যদেরকে গ্রামীণ ব্যাংকের শেয়ারহোল্ডার করে নেয়া এবং এর আইনি ভিত্তি দেয়া।”

প্রতিবেদনের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, “যদি কেউ রিপোর্টের মান নিয়ে কনটেস্ট করে, তাহলে একটু পরিবর্তন-পরিবর্ধন করা যাবে।”

গ্রামীণ ব্যাংক বিষয়ে আন্তর্জাতিক মহলের চাপ তা সামলাতে ‘হিমশিম’ খাওয়ার কথাও স্বীকার করেন অর্থমন্ত্রী।

“ইউনূস সাহেব যে বিভিন্ন দেশের মন্ত্রী, সরকার প্রধান, সংসদ সদস্যদের দিয়ে চিঠি লেখান, এর উত্তর দিতে দিতে আমার ঘাম বেরিয়ে যায়। এটা একটা যাতনা।”

অনুমোদন না নিয়ে পদে থাকার কারণ দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংক ২০১১ সালের ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে ইউনূসকে অব্যাহতি দেয়।

এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে হেরে নিজেই পদত্যাগ করেন নোবেলজয়ী এই বাংলাদেশি।

নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের টাকা অন্য তহবিলে সরানোর অভিযোগ ওঠার পর সরকার এই পদক্ষেপ নেয়।

ইউনূসকে অপসারণ এবং এরপর গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের কড়া সমালোচনা করে আসছেন ইউনূস। তাতে তিনি সমর্থন পান যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের।

অন্যদিকে ইউনূসের কড়া সমালোচনা করে আসছেন সরকারি দলের নেতারা। অর্থমন্ত্রীর দাবি, ইউনূসই গ্রামীণ ব্যাংক ‘ধ্বংসের ষড়যন্ত্র’ করছেন।

পুরনো খবর:

‘যতোই চিৎকার করেন, গ্রামীণ ব্যাংক পাবেন না’
‘মানুষ জাগলে সরকার গ্রামীণ ভাঙতে পারবে না’