‘যতোই চিৎকার করেন, গ্রামীণ ব্যাংক পাবেন না’
গ্রামীণ ব্যাংক নিয়ে মুহাম্মদ ইউনূসের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যতোই চিৎকার করেন না কেন ইউনূস সাহেব, উনি এটা দখল করতে পারবেন না।”
তবে সাংবাদিকরা যখন জানতে চাইলেন- আসলে ইউনূসের উদ্দেশ্য কি, তখন উত্তর দেননি মুহিত।
১৯৮৩ সালে একটি সামরিক অধ্যাদেশের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সূচনা হয়। ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের চেষ্টাকে ‘শান্তি স্থাপন’ বিবেচনা করে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় ইউনূস ও গ্রামীণ ব্যাংককে।
এরপর ২০১০ এর ডিসেম্বরে নরওয়ের টেলিভিশনে প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংককে দেওয়া বিদেশি অর্থ এক তহবিল থেকে অন্য তহবিলে স্থানান্তরের অভিযোগ ওঠে। এরপর দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।
এই প্রেক্ষাপটে গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড পর্যালোচনায় গত বছর ১৬ মে একটি কমিশন গঠন করে সরকার। সাবেক সচিব মো. মামুনুর রশিদকে প্রধান করে গঠিত এই কমিশন ইতোমধ্যে কিছু সুপারিশসহ অন্তবর্তী প্রতিবেদন দিয়েছে। এতে গ্রামীণ পর্ষদ ভেঙে দিয়ে গ্রামীণ ব্যাংককে ‘টুকরো টুকরো’ করার পরিকল্পনা করা হয়েছে বলে ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের অভিযোগ।
কমিশনের প্রতিবেদনের ওপর ভিত্তি করে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা যাতে নেয়া না হয়- সে বিষয়ে কয়েকটি দেশের প্রতিনিধিরা সরকারের কাছে সুপারিশ করবে বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী বলেন, “এ বিষয়ে আমি আগেই স্টেটমেন্ট দিয়েছি। প্রতিবেদন পাওয়ার পর কি সিদ্ধান্ত হবে তাও জানানো হবে।”
অর্থমন্ত্রী এর আগে একাধিকার বলেছেন, সরকার গ্রামীণ ব্যাংক দখল করতে চায়- ইউনূসের এমন দাবি ‘সম্পূর্ণ’ মিথ্যা। গ্রামীণ ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনার ধরন পরিবর্তনের কোনো ইচ্ছা সরকারের নেই।
তবে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচনে বিধি প্রণয়ন করা হচ্ছে বলে এ মাসের শুরুতে জানিয়েছেন তিনি।
গ্রামীণ ব্যাংক কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন কবে দেয়া হবে জানতে চাইলে অর্থমন্ত্রী বুধবার সাংবাদিকদের বলেন, আগামী সপ্তাহেই এ প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, “গ্রামীণ ব্যাংকে সরকারের ২৫ শতাংশ শেয়ার থাকবে। পরিচালক নির্বাচন এবং আইনের মাধ্যমে ব্যাংটিকে ‘রেগুলেটরি বডির’ অধীনে আনা হবে।”
এক প্রশ্নের জবাবে মুহিত জানান, গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খোন্দকার মোজাম্মেল হক পদত্যাগ করায় নতুন চেয়ারম্যান খোঁজা হচ্ছে। তবে যাতোদিন নতুন চেয়ারম্যান পাওয়া না যাচ্ছে মোজাম্মেল হকই দায়িত্ব চালিয়ে নেবেন বলেছেন।
