ট্রাইব্যুনালে আলীমের ছেলের সাক্ষ্য
বাবার পক্ষে সাক্ষ্য দিয়েছেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আব্দুল আলীমের ছেলে মো. সাজ্জাদ বিন আলীম।
এই মামলায় তৃতীয় সাফাই সাক্ষী হিসেবে সোমবার দেয়া সাক্ষ্যে বাবাকে নির্দোষ দাবি করে তার পক্ষে বিভিন্ন নথিপত্র দাখিল করেন তিনি।
জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আলীমের ছেলে দাবি করেন, বিএনপিতে যুক্ত থাকায় রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার বাবার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলা হয়েছে।
জয়পুরহাটের সাবেক সংসদ সদস্য আলীমের বিরুদ্ধে ইতোপূর্বে দেয়া সাক্ষ্যে প্রসিকিউশনের সাক্ষীরা পাকিস্তানি বাহিনীর সহযোগী হয়ে বাঙালিদের ওপর নির্যাতনের বর্ণনা দিয়েছিলেন।
সাজ্জাদ বিন আলীম বলেন, ১৯৭১ সালের মার্চ মাস পর্যন্ত তাদের পাঁচ ভাই-বোনকে নিয়ে তার বাবা-মা বগুড়া শহরের জলেশ্বরী তলায় ছিলেন।
বগুড়া শহরে পাকিস্তানি বাহিনী ঢুকে পড়লে জয়পুরহাটে (তখনকার মহকুমা) তারা সরে পড়েন বলে জানান সাজ্জাদ। ওই সময় তার বয়স ছিল পাঁচ বছর।
জয়পুরহাটে যাওয়ার পর আলীম সর্বদলীয় সংগ্রাম পরিষদে সদস্য হিসেবে যোগ দেন বলে দাবি করেন তার ছেলে, যদিও অভিযোগ রয়েছে স্বাধীনতার বিরোধিতাকারী মুসলিম লীগ নেতা হিসেবে আলীম পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেন।
সাজ্জাদ বলেন, ১৯৭১ সালের ১৬ বা ১৭ এপ্রিল পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণের ‘আশঙ্কায়’ পরিবারের সবাইকে জয়পুরহাট শহরের পার্শ্ববর্তী আউশ গারাতে পাঠিয়ে দেন আলীম। এর কয়েকদিন পর তিনি নিজেও আত্মগোপন করেন।
পরে মা ও অন্য ভাইবোনদের নিয়ে নওগাঁর ধামুইরহাটে আশ্রয় নেয়ার কথা সাক্ষ্যে বলেন আলীমের ছেলে, যেখানে পরে আলীমও যান।
সাজ্জাদ দাবি করেন, যুদ্ধের সময়টাতে তার অসুস্থ মায়ের সেবায় ছিলেন তার বাবা।
স্বাধীনতার পর ১৯৭৪ সালে তখনকার আওয়ামী লীগ সরকার তার বাবাকে জয়পুরহাট সুগার মিলের পরিচালক নিয়োগ দেন বলে জানান সাজ্জাদ।
“আমার বাবা ১৯৭১ সালের শান্তি কমিটি বা রাজাকার বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না। এই মর্মে ১৯৭১ সালে কোনো পত্রিকায় কোনো সংবাদ বা প্রতিবেদন প্রকাশিত হয়নি। তার কোনো স্বাধীনতাবিরোধী বা হিন্দুবিরোধী কোনো বক্তব্যও ওইসময় কোনো জাতীয় বা স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়নি।”
সাজ্জাদ বলেন, তার বাবা ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করেন। ১৯৫২ সালে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের আবাসিক ছাত্র হিসেবে ভাষা আন্দোলনে সক্রিয় ছিলেন এবং কারাগারেও যান।
১৯৭৫ ও ১৯৭৭ সালে জয়পুরহাট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন আলীম। ১৯৭৯, ১৯৯৬ ও ২০০১ সালে তিনি বিএনপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন।
জিয়াউর রহমানের সরকারে প্রথমে বস্ত্রমন্ত্রী এবং পরে যোগাযোগমন্ত্রী ছিলেন আলীম।
