ব্লগারদের নিয়ে ‘বয়ান দিতেন’ আনসারুল্লাহ প্রধান জসীম
ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যামামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী।
সোমবার ঢাকার হাকিমের কাছে দেয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেননি তিনি। তবে ব্লগারদের ‘নাস্তিকতার’ বিষয়ে বয়ান করার কথা স্বীকার করেছেন বলে আদালত সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আসাদুজ্জামান নূরের খাস কামরায় ১৬৪ ধারায় জবানবন্দি দেন আনসারুল্লাহ প্রধান। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ পরিদর্শক মোকসেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজীব হত্যায় নিজের সম্পৃক্ততার বিষয়ে কিছু না বললেও মোহাম্মপুরের বসিলার দারুল উলুম মাদ্রাসায় বিভিন্ন ধর্মীয় সভায় তিনি যে বয়ান দিতেন, তাতে ব্লগারদের নাস্তিকতা বিষয়ক কর্মকাণ্ড নিয়ে কথা বলতেন।”
ওই সভায় বিভিন্ন বেসরকারি ও সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকত বলে জানিয়েছেন মুফতি জসীম। গণজাগরণ মঞ্চের কর্মী রাজীব হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সবাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
গত ১২ অগাস্ট বরগুনার দক্ষিণ খাজুরতলা এলাকায় গোপন বৈঠকের সময় মুফতি জসীমকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ঢাকার মোহাম্মদপুরে জসীমের বাসা ও অফিসে অভিযান চালিয়ে কম্পিউটার, ল্যাপটপ, বেশকিছু বই এবং অর্ধ শতাধিক সিডি উদ্ধার করা হয়।
স্থপতি রাজীবকে গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে কুপিয়ে হত্যা করা হয়। তিনি ইন্টারনেটে লেখালেখির মাধ্যমে ধর্মীয় উগ্রবাদীদের মুখোশ উন্মোচনে সক্রিয় ছিলেন।
রাজীব হত্যাকাণ্ডে গ্রেপ্তার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী গত মার্চে আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দেন। তাদের জবানবন্দিতে হত্যার প্ররোচনাদাতা হিসাবে মুফতি জসীমের নাম উঠে আসে বলে পুলিশ জানায়।
জসীমকে গ্রেপ্তারের পরপরই পল্লবী থানায় রাজীব হত্যা মামলা এবং উত্তরা পশ্চিম থানায় ব্লগার আসিফ হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
