২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চৌধুরী মুঈনুদ্দীনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আনিসুজ্জামান

মুক্তিযুদ্ধে বিজয়ের আগ মুহূর্তে বুদ্ধিজীবী হত্যায় জড়িত আলবদর নেতা চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অ্যামিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 11:52 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

ট্রাইব্যুনালকে তিনি জানান, ১৯৭১ সালে কলকাতায় অবস্থানের সময় ১৭ ডিসেম্বর পত্রিকায় পড়ে সর্বপ্রথম বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের কথা জানতে পারেন। পরে দেশে ফিরে শহীদ অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীর স্ত্রী ও ভাইয়ের কাছে জানতে পারেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে বাংলা বিভাগের ছাত্র চৌধুরী মুঈনুদ্দীন জড়িত ছিলেন।

এছাড়া দেশে ফিরে বিভিন্ন পত্রপত্রিকা পড়ে তিনি জানতে পারেন যে, এসব হত্যাকাণ্ডে জড়িত আলবদর বাহিনীর চিফ এক্সিকিউটর ছিলেন আশরাফুজ্জামান খান।

রোববার বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহীনুর ইসলামের উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তিনি।

প্রসিকিউশনের ২০তম এই সাক্ষী জানান, ১৯৭৯ সালে একটি বই লেখার কাজে লন্ডনের ‘ইন্ডিয়া অফিস লাইব্রেরি’তে পড়াশোনা করার সময় সেখানে চৌধুরী মুঈনুদ্দীনকে দেখেন তিনি।

আনিসুজ্জামান বলেন, ১৯৭১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে রিডার হিসেবে কর্মরত ছিলেন তিনি। ২৫ মার্চে পাকিস্তান সেনাবাহিনী আক্রমণের পরে সেখানে কয়েকদিন প্রতিরোধের কাজে যুক্ত ছিলেন।

১ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ত্যাগ করে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় থাকতে শুরু করেন। ২৫ এপ্রিল ভারতের আগরতলায় এবং ১৫ মে সেখানে থেকে সপরিবারে কলকাতায় চলে যান।

কলকাতায় প্রথমে বাংলাদেশ থেকে আগত শরনার্থী শিক্ষকদের সংগঠন ‘বাংলাদেশ শিক্ষক সমিতি’ গঠনের কাজে যুক্ত হন তিনি। এই সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য পদে যোগ দেন।

তিনি বলেন, “দেশ স্বাধীন হওয়ার পরে কলকাতায় থাকা অবস্থায় ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার বিষয়ে সংবাদপত্রের মাধ্যমে প্রথমে জানতে পারি। ১৯৭২ সালে ৮ জানুয়ারি আমি সপরিবারে ঢাকায় ফিরে আসি।”

তিনি জানান, ৯ জানুয়ারি শহীদ শিক্ষক মুনীর চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরীর পরিবারের সঙ্গে তাদের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন তিনি। সেইসময় শহীদ অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীর স্ত্রী সৈয়দা মনোয়ারা চৌধুরী তাকে বলেন, ‘আপনাদের ছাত্ররাই আপনার স্যারকে (মোফাজ্জল হায়দার) নিয়ে গেছে।’

আনিসুজ্জামান বলেন, ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অল্পদিনের জন্য চৌধুরী মুঈনুদ্দীনকে ছাত্র হিসেবে পেয়েছিলেন তিনি।

এরপর সাক্ষীকে জেরা করেন পলাতক আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আব্দুস শুকুর খান ও সালমা হাই টুনি।

চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে গত ২৪ জুন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন হয়।

গত ২ মে দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। দেশে না পাওয়ায় তাদের হাজির হতে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশও হয়েছিল।

বিজ্ঞপ্তি প্রকাশের পরও হাজির না হওয়ায় তাদের অনুপস্থিতিতেই বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।