২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ামিতে বাংলাদেশিদের মেলা

স্বদেশ-সংস্কৃতির লালন ও বিকাশের প্রত্যয়ে নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশনকে কেন্দ্র করে বাংলাদেশিদের মেলা জমেছে ফ্লোরিডার মায়ামি বিচে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লাবলু আনসার, ফ্লোরিডা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 08:08 PM

Updated : 13 Oct 2022, 02:56 PM

শহরের লিটম্যান থিয়েটার অ্যান্ড কনভেনশন সেন্টারে শুক্রবার তিন দিনের এই সম্মেলন শুরু হয়েছে।

সম্মেলন উদ্বোধন করেন চ্যানেল আইয়ের পরিচালক সাইখ সিরাজ। অতিথি ছিলেন মানজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও সাবেক ফুটবলার আব্দুস সালাম।

যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলাদেশিরা সপরিবারে এই সম্মেলনে যোগ দিয়েছেন। উদ্বোধন অনুষ্ঠানে লীনা তাপসী ও ডলি সায়ন্তনীর সুর মূর্চ্ছনায় মোহিত হন তারা।

সম্মেলন উদ্বোধন করে শাইখ সিরাজ বলেন, “এমন অনুষ্ঠানের মাধ্যমেই আমরা স্বদেশ-সংস্কৃতির জয়গান গাইতে পারব, যা প্রবাহিত হবে আমেরিকায় জন্মগ্রহণকারী প্রজন্মে।”

“আজ বলতে দ্বিধা নেই যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইমেজ সুখকর নয়। বাংলাদেশে সুশাসনের বড় অভাব,” দেশ নিয়ে হতাশাও প্রকাশ করেন তিনি।

সাংবাদিক মতিউর রহমান চৌধুরী বলেন, “বাংলাদেশের ৫৪ হাজার বর্গমাইল আজ হিংসার আগুনে জ্বলছে। আমরা হাসি না। হাসার কোনো পরিবেশ নেই।

“কিন্তু এখানে সকলে প্রাণ খুলে হাসছেন। বাংলাদেশে এখন প্রাণ খুলে হাসার মতো পরিবেশ এখন দেখা যায় না।”

প্রত্যয়ে  নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশনের (এনএবিসি) আহ্বায়ক মোহাম্মদ জামান বলেন, “আমাদের প্রজন্ম বাংলা সংস্কৃতি থেকে বিচ্যুত হয়ে আমেরিকান সংস্কৃতির মধ্যে হারিয়ে যায়নি। বরঞ্চ, আফ্রিকান-আমেরিকান এবং শ্বেতাঙ্গ আমেরিকানদেরকে বাঙালি সংস্কৃতির কাছাকাছি আনছে।”

সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে’ গানের সঙ্গে নৃত্যরত তরুণীর দলে আফ্রিকান-আমেরিকান এবং শ্বেতাঙ্গ আমেরিকান কয়েকজন অংশ নেন।

অনুষ্ঠান আয়োজকদের অন্যতম ইমাদ চৌধুরী বলেন, “আমরা প্রথম প্রজন্মের আমেরিকান। বাঙালি সংস্কৃতির বিকাশ নতুন প্রজন্মে জাগ্রত রাখতে পারলেই মনে করব যে আমাদের প্রয়াস সার্থক।”

উদ্বোধনী মঞ্চে বাংলাদেশে সাম্প্রতিক উন্নয়ন-অগ্রগতির তথ্যসমৃদ্ধ একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয় বস্টনের মুনির চৌধুরীর উদ্যোগে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফিলাডেলফিয়ার ডা. জিয়াউদ্দিন আহমেদ, বিজ্ঞানী ড. আওয়াল ডি খান, ওয়াশিংটন ডিসির ফারুক আহমেদ, এনএবিসির প্রধান সমন্বয়কারী নাজমুল হুদা,  সহ আহ্বায়ক ফিরোজ খান।