২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাড়াশে ইউপি চেয়ারম্যানের দুর্নীতির ‘প্রমাণ মিলেছে’

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ খন্দকারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়ার দাবি করেছেন তদন্ত সংশ্লিষ্টরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 06:50 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

তদন্ত কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম জানান, জেলা প্রশাসকের কাছে তিনি তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্তের দায়িত্ব পাওয়ার পর সরজমিন পরিদর্শন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অধিকাংশ অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।

তাই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে এ সংক্রান্ত পৃথক দুইটি প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে দাখিল করা হয়েছে।

ইতোমধ্যেই জেলা প্রশাসক প্রতিবেদন দুইটি স্থানীয় সরকার মন্ত্রণালয় ও রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে পাঠিয়েছেন বলে তদন্ত কর্মকর্তা জানান।

তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে পরিষদের নিজস্ব আয়, ট্যাক্স ও ট্রেড লাইসেন্স খাত থেকে পাওয়া অর্থ তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ, বয়স্ক ও বিধবা ভাতার ব্যাংক হিসাব খোলার সময় অর্থ গ্রহণ, ভিজিডি কার্ডের জন্য দুঃস্থ মহিলাদের কাছ থেকে অর্থ গ্রহণ, ভিজিডি কার্ডের চাল/গম আত্মসাৎ, ট্রেড লাইসেন্স দেয়ার নামে টাকা আত্মসাৎ, তাড়াশ বাজার ও উলিপুর হাটশেড সংস্কারের জন্য বরাদ্দ টাকা ভুয়া বিল ভাউচার করে উত্তোলন প্রভৃতি।