হাতিয়ায় বন্দুকযুদ্ধে ‘জলদস্যু’ নিহত
নোয়াখালীর হাতিয়া উপজেলার চরাঞ্চলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘জলদস্যু বাহিনীর প্রধান’ ইউনুস (৪৫) নিহত হয়েছে।
পুলিশ সুপার আনিসুর রহমান শুক্রবার প্রথম প্রহরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মধ্যরাতে হাতিয়া উপজেলার চর কালামে জলদস্যু ইউনুসের আস্তানায় অভিযানে গেলে তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালায়।
বন্দুকযুদ্ধ চলাকালে দস্যু বাহিনীর প্রধান ইউনুস ঘটনাস্থলে নিহত হন বলে তিনি জানান। ঘটনাস্থল থেকে ইউনুসের স্ত্রীসহ আরো দুজনকে ১২ রাউন্ড গুলি ও একটি এলজিসহ গ্রেপ্তার করা হয়েছে।
ইউনুসের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় পাঁচটি অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে। এছাড়া ভোলার মনপুরা থানায়ও একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সুপার জানান।
তিনি আরো বলেন, সম্প্রতি ওই এলাকার জনবসতিতে একের পর এক অপহরণ ও সাগরে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় গত মঙ্গলবার থেকে বিশেষ অভিযানে নামে পুলিশ। জেলা পুলিশের নেতৃত্বে ডিবি ও নিয়মিত পুলিশের ৬০ জন সদস্য অভিযানে অংশ নেয়।
এর আগে অভিযানের প্রথম দিন হাতিয়ার বিভিন্ন এলাকা থেকে দুটি এলজি, তিন রাউন্ড গুলি ও বেশকিছু ধারারো অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
