২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলকাদায় নাকাল চট্টগ্রামবাসী

দুই দিনের বৃষ্টিতে বন্দরনগরীর বিভিন্ন স্থানে পানি জমে ভোগান্তিতে পড়েছে চট্টগ্রামবাসী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 04:14 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

সেই সঙ্গে উন্নয়ন কাজের জন্য খুড়ে রাখা বিভিন্ন সড়কের খানাখন্দ ও কাদায় সেই ভোগান্তি বেড়েছে কয়েক গুণ।

মঙ্গলবার সকালে থেকে বুধবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টিতে নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর, চকবাজার, প্রবর্ত্তক মোড়, আগ্রাবাদসহ নিচু এলাকার সড়কগুলোতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বৃষ্টি থামার পর ধীরে ধীরে পানি নেমে গেলেও সড়কের খানা খন্দে পানি জমে থাকতে দেখা যায়।  

পাঠানটুলি এলাকার বাসিন্দা আল-আমিন বলেন, “কদমতলিতে ফ্লাই-ওভার তৈরির জন্য রাস্তা খুড়ে রেখেছে। সেখানে গর্তে পানি জমেছে। তার সঙ্গে কাদা। রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।”

Image
ফাইল ফটো

ফাইল ফটো

অলি খাঁ মসজিদ এলাকার পরিস্থিতিও প্রায় একই রকম বলে জানালেন চকবাজার এলাকার বাসিন্দা মিজানুর রহমান।

তিনি বলেন, “একদিকে জমা পানি আর অন্যদিকে কাদা। একটি শহরের রাস্তা এত খারাপ হতে পারে তা না দেখলে বোঝা যাবে না।”

সড়ক সংস্কারে বিলম্ব হওয়ায় তাদের এ দুর্ভোগ পোহাতে হচ্ছে মন্তব্য করে এজন্য নগর কর্তৃপক্ষকে দায়ী করেন তিনি।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া কর্মকর্তা শাহীনুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত নগরীতে ৩৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এছাড়া সকাল ৯টা থেকে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।

শাহীনুল বলেন, “মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে হাল্কা বৃষ্টি হতে পারে।”