গাজীপুরে দুই কারখানায় ছুটি
ভবনে ফাটল দেখা দেয়ায় এবং শ্রমিকদের কর্মবিরতির মুখে সোমবার গাজীপুরে দুই পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কারখানা দুটি হল তেলিপাড়ার এস কিউ ক্রিস্টাল গার্মেন্টস এবং বাইমাইল এলাকার জিএল ফ্যাশন লিমিটেড।
গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিচালক এএসপি মোশাররফ হোসেন জানান, রোববার তেলিপাড়া এলাকার ১০ তলা ভবনের ওই গার্মেন্টস কারখানার ৬তলা ও ১০ তলাসহ বিভিন্ন ফ্লোরে ফাটল দেখেন শ্রমিকরা। ১০ তলার একটি দেয়ালের কিছু অংশ ভেঙেও পড়ে।
এতে আতঙ্কিত শ্রমিকরা সোমবার সকালে কারখানায় প্রবেশ না করে মূল ফটকে অবস্থান নেন।
এর পরিপ্রেক্ষিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ সোমবার ও মঙ্গলবার কারখানায় ছুটি ঘোষণা করে।
কারখানার নিরাপত্তা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলেও তিনি জানান।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, ছাঁটাইয়ের প্রতিবাদে সকালে জিএল ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।
তিনি জানান, সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়ে জানতে পারেন কারখানার পাঁচ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এর প্রতিবাদে সকাল ১০টার দিকে তারা কর্মবিরতি করে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন।
দুপুর ১২টার দিকে কর্তৃপক্ষ একদিনের (সোমবার) জন্য কারখানা ছুটি ঘোষণা করেছেন।
