পুলিশের চাঁদাবাজি: আরিচা সড়কে ব্যবসায়ীদের অবরোধ
আমিনবাজার ক্যাম্পের পুলিশ সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়কের এক পাশ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন বাজারের ব্যবসায়ীরা।
সোমবার সকাল ১০টা থেকে প্রায় দেড় ঘণ্টা এই অবরোধের কারণে ঢাকামুখী গুরুত্বপূর্ণ এই সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা।
বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, আমিনবাজার ক্যাম্পের এএসআই লুৎফর রহমানসহ পুলিশ সদস্যরা প্রতিদিনই তাদের কাছ থেকে মাছ-মাংস, শাকসব্জিসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যান, যা দিয়ে ক্যাম্পের পুলিশদের রান্না হয়, কেউ কেউ বাড়িতেও নিয়ে যান। পুলিশ সদস্যরা কখনো এসব পণ্যের দাম দেন না। এর বাইরেও মাঝেমধ্যেই তাদের ‘চাঁদা’ দিতে হয় ব্যবসায়ীদের।
সোমবার সকালেও চার পুলিশ সদস্য কাঁচাবাজারে গিয়ে জিনিসপত্র চাইলে ব্যবসায়ীরা তাদের পরে আসতে বলেন। এরপর ক্যাম্প থেকে আরো কয়েকজনকে নিয়ে পুলিশ সদস্যরা আবারো বাজারে গেলে ব্যবসায়ীদের সঙ্গে বাক বিতণ্ডা শুরু হয়।
এর এক পর্যায়ে ব্যবসায়ীরা বাজার বন্ধ রেখে মহাসড়কের ঢাকামুখী অংশে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কাঁচাবাজারের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিদিনই তারা আমাদের কাছ থেকে জিনিসপত্র নিয়ে যায়, টাকা পয়সা দেয় না। আজ আমরা পরে আসতে বলায় আরো কয়েকজনকে নিয়ে এসে খারাপ ব্যবহার করেছে। ফলে ব্যবসায়ীরা প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছে।”
পুলিশ সদস্যরা যে প্রতিদিনই বাজার থেকে ‘জিনিসপত্র নেন’ তা স্বীকার করেছেন আমিনবাজার পুলিশ ক্যাম্পের এ এসআই লুৎফর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি ঘুমিয়ে ছিলাম। কনস্টেবল আল আমিনসহ চারজন সকালে মাছ তরকারি আনতে গেলে ব্যবসায়ীরা তাদের ফিরিয়ে দেয়। তারা ফিরে এসে সুবেদার ইউনূস মিয়াসহ আরো কয়েকজনকে নিয়ে আবারো গেলে ব্যবসায়ীদের সঙ্গে কথা কাটাকাটি হয় বলে শুনেছি।”
এদিকে অবরোধের কারণে আমিনবাজার থেকে বলিয়ারপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হলে পুলিশের সাভার সার্কেলের এএসপি মশিউদ্দৌলা রেজাসহ কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে যান। পরে তাদের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা।
এএসপি মশিউদ্দৌলা বলেন, “আমরা বিষয়টি তদন্ত করে দেখব। ক্যাম্পের পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”
