শৈলকুপায় পুলিশের মোটরসাইকেলে আগুন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটইতে ছাত্রদের সড়ক অবরোধ তুলতে গেলে পুলিশের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে।
শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, গত বছরের ফুটবল খেলা নিয়ে শৈলকুপা পাইলট হাইস্কুলের ছাত্রদের সঙ্গে ভাটই হাইস্কুলের ছাত্রদের মধ্যে বিরোধ ছিল।
রোববার সকালে অন্য একটি স্কুলের সঙ্গে ভাটই হাইস্কুলের ফুটবল খেলা ছিল।
“আগের ঘটনার জের ধরে খেলা শেষে শৈলকুপা শহরে ভাটই হাইস্কুলের ছাত্রদের সঙ্গে শৈলকুপা হাইস্কুলের ছাত্রদের হাতাহাতির ঘটনা ঘটে।”
পুলিশ এসে ভাটই স্কুলের ছাত্র-শিক্ষকদেরকে পাহাড়া দিয়ে গাড়াগঞ্জ পর্যন্ত পৌঁছে দেয়।
তিনি বলেন, ভাটই হাই স্কুলের ছাত্ররা ফিরে এসে দুপুর সাড়ে ১২ টার দিকে ভাটই স্কুলের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়ক অবরোধ করে।
“পুলিশ অবরোধ তুলতে গেলে ছাত্ররা পুলিশের উপর ইট ছুঁড়তে থাকে। এ সময় ক্যাম্প ইনচার্জ জাহিদুল ইসলামের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দেয় তারা।”
এ সময় ইটের আঘাতে তিনি আহত হন।
ছাত্রদেরকে ছত্রভঙ্গ করতে ৬ রাউন্ড ফাঁকা গুলি করেছে পুলিশ।
