২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৯১ বিএনপি নেতাকর্মী জেলহাজতে

ইলিয়াস আলী নিখোঁজের পর সিলেটের বিশ্বনাথে পুলিশের সঙ্গে সংঘর্ষে তিন জন নিহত হওয়ার মামলায় বিএনপির ৯১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 04:39 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

রোববার দুপুরে সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে উপস্থিত হয়ে তারা জামিন প্রার্থনা করলে বিচারক হাবিবুর রহমান চৌধুরী তা নাকচ করে এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী হাসান পাটওয়ারী রিপন জানান, মামলার অভিযোগপত্রের ৩১৬ আসামির মধ্যে ৯৮ জন জামিন প্রার্থনা করেন। এর মধ্যে ৯১ জন আদালতে উপস্থিত ছিলেন।

এদের মধ্যে জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ইলিয়াস আলীর ব্যক্তিগত সহকারী মঈনুল হক, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গৌছ খান,  লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন ধলা রয়েছেন।

এদিকে একইদিনের ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অপর একটি মামলায় ৭৩ বিএনপি নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

গত বছরের ২৩ এপ্রিল  বিশ্বনাথ উপজেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।