মন্ত্রীর সঙ্গে জাবি শিক্ষকদের আলোচনা ‘ফলপ্রসূ’
অচলাবস্থা নিরসনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা বলেছেন, তাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে।
অবশ্য শিক্ষকদের আন্দোলন প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।
উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়কে সচল করতে শনিবার বিকাল পৌনে ৫টা থেকে শিক্ষামন্ত্রীর বাড়িতে এই বৈঠক হয়।
রাত ১০টায় বৈঠক শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমরা দীর্ঘক্ষণ বৈঠক করেছি। শিক্ষকদের অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে। সরকারের পক্ষ থেকে আমরা তাদের আশ্বস্ত করতে চেষ্টা করেছি।”
তাদের অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, “আমরা শিক্ষকদের অনুরোধ করেছি, তারা যেন বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে আন্দোলন প্রত্যাহার করে নেন।”
এ সময় আন্দোলনরত শিক্ষকরাও তার সঙ্গে ছিলেন।
আন্দোলনরত শিক্ষকদের সংগঠন শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক হানিফ আলী বলেন, “সরকারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বাস দেয়া হয়েছে। আমাদের কথা তিনি শুনেছেন। আমরা বলতে পারি আলোচনা ফলপ্রসূ হয়েছে।”
আন্দোলন প্রত্যাহার করা হবে কি-না জানতে চাওয়া হলে তিনি বলেন, ক্যাম্পাসে ফিরে স্পষ্ট বক্তব্য জানানো হবে।
শিক্ষকরা দাবি জানিয়ে এলেও উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন পদত্যাগ না করতে অনড়। নিজের কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় শনিবার দুপুরেও তিনি সাংবাদিকদের বলেছেন, “শিক্ষকদের দাবি অনৈতিক ও অন্যায্য। এই ধরনের দাবির মুখে পদত্যাগ করব না।”
অধ্যাপক শরীফ এনামুল কবির পদত্যাগ করলে গত বছর ১৭ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেনকে। পরবর্তীতে তিনি নির্বাচনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে স্থায়ী হন।
অধ্যাপক আনোয়ারবিরোধী আন্দোলনে অধ্যাপক শরীফ এনামুল কবির সমর্থকদের সঙ্গে সক্রিয় রয়েছেন বিএনপি সমর্থক শিক্ষকরাও।
