‘স্বস্তি’ চায় জাবি শিক্ষার্থীরা
ক্লাস-পরীক্ষার জন্য স্থিতিশীল পরিবেশের দাবিতে মিছিল সমাবেশ করেছে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও কয়েকটি ছাত্র সংগঠন।
তারা বলছেন, শিক্ষাজীবন স্বাভাবিক করতে শিক্ষকদের আন্দোলন এখনই প্রত্যাহার করা জরুরি।
শনিবার সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে চলমান জাহাঙ্গীরনগরের দাবিতে মৌন মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে পরিবহন চত্বওে গিয়ে শেষ হয়।
এছাড়া সর্বোচ্চ ‘স্বস্তি’ চেয়ে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট। তারা অচল ক্যাম্পাস সচল করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি জাহিদুল ইসলাম জিন্নাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নানামুখী কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় স্থবির হয়ে পড়েছে, পরিত্রাণ প্রয়োজন। শ্রেণিকক্ষে ফিরে যেতেই আমাদের কর্মসূচি।”
সাধারণ শিক্ষার্থীরাও স্বস্তি চান। তারা বলছেন, যেকোনো উপায়েই হোক বিশ্ববিদ্যালয় সচল রাখতে হবে।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইমরান হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের শিক্ষাজীবন বিষিয়ে উঠছে।
নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুকুমার রাজবংশী বলেন, সিরিজ আন্দোলনে বিপর্যস্ত, কার্যকর উদ্যোগ না আসায় হতাশ তারা।
পদত্যাগ দাবিতে চারদিন ধরে নিজ কার্যালয়ে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনকে অবরুদ্ধ করে রেখেছে সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে আন্দোলনরত শিক্ষকদের একটি অংশ।
তাদের এই আন্দোলনের সঙ্গে শুরু থেকেই ভিন্নমত পোষণ করে আসছেন শিক্ষক-শিক্ষার্থীদের কয়েকটি সংগঠন।
আন্দোলনরত শিক্ষকরা বলছেন, উপাচার্যের হাতেই রয়েছে সমাধান, তিনি সরে গেলেই বিশ্ববিদ্যালয় স্থিতিশীল হবে।
অন্যদিকে ভিন্নমত পোষণকারী শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, উপাচার্যের পদত্যাগই একমাত্র সমাধান নয়।
এরই মধ্যে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন সাধারন শিক্ষক ফোরামের দাবিকে ‘অনৈতিক’ অখ্যায়িত করে সাংবাদিকদের বলেছেন, কোনো অন্যায্য অনৈতিক দাবির প্রেক্ষিতে তিনি পদত্যাগ করবেন না।
গত বছর শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শরীফ এনামুল কবির উপাচার্য পদ থকে বিদায় নিলে দায়িত্ব পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনোয়ার।
