২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐশীকে নিয়ে গণমাধ্যমের জন্য নির্দেশনা চেয়ে আবেদন খারিজ

নিজের বাবা-মাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ঐশী রহমানকে জিজ্ঞাসাবাদের তথ্য গণমাধ্যমে শিশু ও তথ্য অধিকার আইন অনুযায়ী উপস্থাপনের জন্য আদালতের নির্দেশনা চেয়ে করা আবেদন খারিজ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 01:23 AM

Updated : 23 Aug 2022, 06:46 PM

ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান বৃহস্পতিবার সন্ধ্যায় আদেশে বলেন, “আবেদনের বিষয় যুক্তিসঙ্গত না হওয়ায় তা খারিজ করে দেয়া হল।”

আদেশের পর ঐশীর আইনজীবী মাহবুব হাসান রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত যথাযথ আদেশ দেননি, অন্যায় আদেশ দিয়েছেন।”

হাকিম আদালতের এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলেও জানান তিনি।

এই আবেদনে বলা হয়েছিল, ঐশী একজন শিশু। তাকে নিয়ে ও তার বাবা-মাকে নিয়ে কয়েকটি গণমাধ্যম মিথ্যা তথ্য প্রকাশ করছে। যে কারণে ঐশীর ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ক্ষুন্ন হচ্ছে। তার জীবন ও শারীরিক নিরাপত্তা বিপদাপন্ন।

ঐশীকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্য শিশু আইন ও তথ্য অধিকার আইনের লঙ্ঘন বলেও ওই আবেদনে বলা হয়।

আদালতে শিশুর বিরুদ্ধে কোনো মামলা উত্থাপিত হওয়ার পর শিশুকে নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশে সতর্ক থাকার বিধান রয়েছে।

শিশু আইনের ১৭ ধারায় বলা হয়েছে, মামলায় জড়িত শিশুর সনাক্তকরণে প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা করে এমন প্রতিবেদন প্রকাশ করা যাবে না। এমনকি ওই শিশুর ছবিও পত্রিকায় ছাপানো যাবে না।

ঐশী অপ্রাপ্তবয়স্ক বলে তাকে রিমান্ডে নেয়ার সমালোচনা উঠেছে। তার বয়স পরীক্ষার উদ্যোগও নেয়া হয়েছে।

পুরনো খবর:

ঐশীর বয়স পরীক্ষা
ঐশী ‘খুনি’- বিশ্বাস হচ্ছে না চাচার
‘ঐশীর রিমান্ড শিশু অধিকার লঙ্ঘন’