২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুরস্কার পাওয়া হল না নিশার

বরিশালে সাঁতার প্রতিযোগিতার বাছাইয়ে অংশ নিতে গিয়ে পানিতে ডুবে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 08:12 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

বৃহস্পতিবার দুপুরে নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালিকা বিদ্যালয়ের পুকুরে ডুবে মারা যায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী আফরিন জাহান নিশা (১২)।

পরিবারের বরাত দিয়ে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাপ্টিস্ট মিশন রোডের মানিক মিয়ার গ্যারেজ এলাকার হেলাল সরদারের মেয়ে নিশা আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিল।

ঘটনাস্থল পরিদর্শন করে কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের জানান, একটি সাঁতার প্রতিযোগিতার বাছাই পর্বে অংশ নেয় নিশা।

সাতারের এক পর্যায়ে পানিতে ডুবে যায় সে।

পরে তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পরে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরি সুধর্না সমাদ্দার বলেন, আগামী ২৪ অগাস্ট বিদ্যালয়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। একই সঙ্গে শিশু একাডেমির আয়োজনে সাঁতার প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।

সকাল থেকেই এ জন্য ক্রীড়া ও সাঁতার প্রতিযোগিতার বাছাই পর্ব শুরু হয়।

সুধর্না আরো বলেন, প্রতিযোগিতায় নাম না থাকার পরেও জোর করেই বাছাইয়ে অংশ নেয় নিশা।

তার হৃদরোগে আক্রান্তের বিষয়টি শিক্ষকরা না জানায় অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।