২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আনসারুল্লাহ’ নেতা মুফতি জসীম রিমান্ডে

আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 04:55 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

বুধবার বরগুনা মুখ্য বিচারিক হাকিম নোমান মঈনুদ্দিনের আদালতে শুনানি শেষে বিচারক জসীমের হেফাজতের আবেদন মঞ্জুর করেন।

জসীমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের আবেদন জানালে বিচারক চার দিনের হেফাজত মঞ্জুর করেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান।

গত ১২ অগাস্ট বরগুনা শহরের উপকণ্ঠের একটি বাড়ি থেকে জসীমসহ ৩১ জনকে আটক করে পুলিশ।

ওই রাতেই উপ-পরিদর্শক জাফর হোসেন বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় বরগুনা থানায় ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন।

পরদিন তাদের আদালতে হাজির করা হয়। পুলিশ জসীমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়ার আবেদন জানালে আদালত বুধবার শুনানির দিন রাখে।

বরগুনার পুলিশ সুপার (এসপি) শ্যামল কুমার নাথ জানান, মুফতি জসীম উদ্দিন রাহমানী একজন উগ্রপন্থি নেতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার কাছ থেকে আরো তথ্য বের করা জন্য হেফাজতে আনা হয়েছে।

জসীমের বিরুদ্ধে ঢাকায় আরো দুটি মামলা রয়েছে। পল্লবী থানায় একটি মামলায় তিনি ব্লগার রাজীব হত্যার সন্দেহভাজন আসামি। এছাড়া উত্তরা থানায়ও জসীমের নামে একটি মারামারির মামলাও রয়েছে।