সিরাজগঞ্জে দুর্ঘটনায় নিহত ৩
সিরাজগঞ্জ সদরে পিকআপ ও ভুটভুটির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হন একজন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সয়দাবাদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন পিকআপ চালক বগুড়ার নওয়াপাড়ার খোকনের ছেলে লালন মিয়া (৩২), সিরাজগঞ্জ সদরের বাগবাটি ইউনিয়নের ধলডোব গ্রামের জুড়ান আলীর ছেলে কাঁচামাল ব্যবসায়ী তাজুল ইসলাম (৩০) এবং একই এলাকার প্রয়াত জব্দুল হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৫৫)।
আহত ভুটভুটিচালক ঘোড়াচড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ওয়ারেজ আলীকে (৪০) ঢাকায় পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে বগুড়াগামী একটি পিকআপ বিপরীতমুখী কচু বোঝাই ভুটভুটির (শ্যালোইঞ্জিনচালিত যান) মুখোমুখি সংঘর্ষ হয়।
আহত চারজনকে প্রথমে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বগুড়া নেয়ার পথে তিনজনের মৃত্যু হয়।
