শুভেচ্ছা সফরে চট্টগ্রামে চীনের চিকিৎসা জাহাজ
সাত দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে চীনের চিকিৎসা জাহাজ আর্ক পিস।
সোমবার সকালে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের ৫ নম্বর জেটিতে পৌঁছায় তিনশ শয্যাবিশিষ্ট চীনা নৌবাহিনীর এই চিকিৎসা জাহাজ।
এই জাহাজে ৪৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ একশ’ জনের বেশি চিকিৎসাকর্মী আছেন।
বিশেষজ্ঞ চিকিৎসকরা হৃদরোগ, শ্বাসকষ্ট জনিত রোগ, পেটের সমস্যা, অর্থোপেডিক, স্ত্রী রোগ, শিশুরোগ, চর্ম এবং নাক-কান-গলা সংত্রান্ত রোগের চিকিৎসা দেবেন।
জাহাজটির আগমন উপলক্ষে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বর্তমান পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এশিয়ার এ অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ধরনের চিকিৎসা সহায়তা চীন সরকারের ‘মহৎ’ উদ্যোগ মন্তব্য করে তিনি বলেন, চীন সার্কের পর্যবেক্ষক সদস্য হয়েছে। এটা সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে।
চিকিৎসা জাহাজ পাঠানোয় চীনের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে ইনু বলেন, “গত পাঁচশ বছর ছিল পশ্চিমের উত্থানের সময়। এখন পূর্বের উত্থান হবে। দুই দেশের সম্পর্ক জোরদার করতে আমাদের আরো সচেতন হতে হবে।”
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জেন বলেন, চীন দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই চিকিৎসা জাহাজ চট্টগ্রামে এসেছে।
এর আগে ২০১০ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশ সফরে আসে এই জাহাজ। তখন তাদের কাছ থেকে তিন হাজার দুইশ জন চিকিৎসা সেবা নেন।
আর্ক পিসের মিশন কমান্ডার শিন হাও বলেন, “আমরা চিকিৎসা সেবা নিয়ে এসেছি। আশা করি এতে বাংলাদেশের সঙ্গে চীনের জনগণের সম্পর্ক দৃঢ় হবে।”
আর্ক পিসের দ্বিতীয় সফর পারস্পরিক সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডার কমডোর আকতার হাবিব।
মিশন হারমনি-২০১৩ নামের এবারের সফরে চীনের চিকিৎসা জাহাজটি সাতটি দেশ সফর করবে। ভারতের মুম্বাই বন্দর থেকে সেটি চট্টগ্রামে আসে।
২৫ অগাস্ট পর্যন্ত চট্টগ্রাম বন্দরে অবস্থানের পর জাহাজটি মিয়ানমারের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
জাহাজে আটটি অপারেশন থিয়েটার এবং আটটি মেডিক্যাল অফিস আছে। জাহাজে টেলিমেডিসিন, সনাতন চীনা চিকিৎসা পদ্ধতি ও আকুপাংচার চিকিৎসারও ব্যবস্থা আছে।
গুরুতর অসুস্থ রোগীদের স্থানান্তরের জন্য জাহাজে একটি হেলিকপ্টারও আছে।
বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি বাংলাদেশে বসবাসকারী চীনা নাগরিকদেরও এই জাহাজে চিকিৎসা সেবা দেয়া হবে।
মঙ্গলবার থেকে এই ভাসমান হাসপাতালের চিতিৎসকরা নেভাল কলোনি-১ ও ২ তে চিকিৎসা সেবা দেবেন। প্রয়োজনীয় অপরাশেন করা হবে জাহাজে।
১৭৮ মিটার দৈর্ঘ্য ও ২৪ মিটার প্রস্থের চীনা জাহাজটিতে অত্যাধুনিক প্রযুক্তির সব চিকিৎসা সরঞ্জাম আছে।
