বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ মুজিবুর রহমানের আটত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় তারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পৌঁছান।
টুঙ্গিপাড়া পৌঁছানোর পরপরই প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধির বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
স্বশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এ সময় সশস্ত্র সালাম জানায়। বিউগলে বাজানো হয় করুণ সুর।
শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সমাধি বেদীর পাশে কিছুসময় নীরবে দাঁড়িয়ে থাকেন। বাবার কবরের পাশে কালো কারুকাজ করা সাদা সুতির শাড়িতে প্রধানমন্ত্রীকে এসময় শোকার্ত দেখাচ্ছিল।
এরপর ১৯৭৫ এর ১৫ অগাস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পরে আওয়ামী লীগ সভাপতি হিসাবে দলের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধানমন্ত্রীর মেয়ে সয়মা হোসেন পুতুলসহ পরিবারের সদস্যরা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান এবং আওয়ামী লীগ নেতারা সমাধি প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতাদের মধ্যে সংসদ উপ নেতা সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, তোফায়েল আহম্মেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, খোন্দকার মোশাররফ হোসেন, শাহজাহান খান, দীপু মনি, ফারুক খান, আবুল কালাম আজাদ, উপাধ্যক্ষ আব্দুস শহীদ, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সমাধিসৌধে উপস্থিত ছিলেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বেলা পৌনে ১১টায় সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ১১টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বেলা ১১টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে বসে সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদের মিলাদ মাহফিলের মোনাজাতে অংশ নেন। এরপর বেলা ১২ টা ২০ মিনিটে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করেন।
প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া ত্যাগ করার পর সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। দিনব্যাপী চলে শ্রদ্ধা নিবেদনের পালা।
১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় স্বাধীনতা সংগ্রামের নায়ক ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবকে।
রাষ্ট্রীয়ভাবে শোক পালনের জন্য বৃহস্পতিবার সরকারি ছুটি। সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
টুঙ্গিপাড়া উপজেলার ২১৫টি মসজিদে এদিন উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মোনাজাত হয়। এছাড়া গোপালগঞ্জ কেন্দ্রীয় সার্বজনীন কালীবাড়িতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যেগে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা হয়।
