আন্দোলনে সমাধান পাবেন না: আশরাফ
বিরোধী দলের আন্দোলনে কোনো সমাধান আসবে বলে মনে করেন না ক্ষমতাসীন আওয়ামী লীগের মুখপাত্র ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বৃহস্পতিবার জাতীয় শোক দিবসের সকালে বনানী কবরস্থানে ১৫ অগাস্ট নিহতদের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আন্দোলন করে কোনো লাভ হবে না। আন্দোলনে সমাধান আসবে না।”
আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের জন্য আন্দোলন চালিয়ে আসা বিএনপি ও তাদের শরিকরা দাবি আদায়ে কঠোর কর্মসূচির হুমকি দিয়ে আসছে। তবে সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আওয়ামী লীগ অনড়।
বিরোধী দলের উদ্দেশ্যে সৈয়দ আশরাফ বলেন, “আপনাদের গঠনমূলক কোনো প্রস্তাব যদি থাকে, সংসদে আসেন। সেটাই আলোচনার জায়গা।”
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ায় মনোনিবেশ করতে সব দলের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তার দল অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়তে বদ্ধপরিকর।
বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের রায়ও বাস্তবায়ন করা হবে জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার অনেক পরে তার হত্যাকারীদের বিচার হয়েছে। রায় আংশিকভাবে কার্যকর করা হয়েছে তারও অনেক পরে।
“সুতরাং আমাদের ধৈর্য্য আছে। যাকে যেখানে পাওয়া যাবে তাদেরকে বাংলাদেশের আইনের কাঠামোতে নিয়ে আসা হবে এবং রায় বাস্তবায়ন করা হবে।”
তিনি বলেন, একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে বঙ্গবন্ধুর আদর্শে এক হতে হবে। জাতীয় শোক দিবসের শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে।
এবার শোক দিবসে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জন্মদিন উদযাপন করছেন না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এই আওয়ামী লীগ নেতা বলেন, “এখনও সময় শেষ হয়ে যায়নি, দেখা যাক তিনি কি করেন।”
এ বছর শোক দিবসে খালেদা জিয়ার জন্মদিনে তার বাড়িতে মিলাদ মাহফিল হবে বলে জানিয়েছেন তার প্রেসসচিব মারুফ কামাল খান।
বিগত বছরগুলোতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর মৃত্যুর দিন কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন খালেদা।
