সিরাজগঞ্জে সংঘর্ষ থামাতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু
সিরাজগঞ্জের সলঙ্গায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আনিসুর রহমান (৩৫) মারা যান।
তিনি সলঙ্গার চকচৌবিলা গ্রামের আজিজুল হক খন্দকারের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে সলঙ্গা থানার ওসি তাজুল হুদা জানান, চকচৌবিলা গ্রামের এক বিধবাকে বিয়ের প্রস্তাব দেয়ার জের ধরে দুইপক্ষের মধ্যে শুক্রবার বিকালে সংঘর্ষ হয়। এ সময় আনিসুর ঝগড়া থামাতে গিয়ে কুড়ালের আঘাতে গুরুতর আহত হন।
রাতে আনিসুরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার দুপুরে তিনি মারা যান।
লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার দিনই মামলা হওয়ার পর ৬ জনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
