সালাউদ্দিন কাদেরের মামলায় যুক্তিতর্ক শুনানি শুরু
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলায় যুক্তিতর্ক শুনানি শুরু হয়েছে।
বিচারপতি এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছে প্রসিকিউশন বিভাগ।
সকালে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। এরপর সালাউদ্দিন কাদের চৌধুরীরর বিরুদ্ধে আনা ২৩টি অভিযোগ অনুসারে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন।
যুক্তিতর্ক শুরু হওয়ার আগে সালাউদ্দিন কাদেরের আইনজীবী ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলাম আসামিপক্ষের পঞ্চম সাফাই সাক্ষী বিচারপতি শামীম হাসনাইনের সাক্ষ্যগ্রহণের বিষয় পুনর্বিবেচনা করার জন্য (রিভিউ) আবেদন জানান।
আবেদনের সঙ্গে উপস্থাপন করা হয় ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দেয়ার জন্য অনুমতি চেয়ে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বরাবর বিচারপতি শামীম হাসনাইনের আবেদনপত্র।
এ আবেদনটি বিবেচনাধীন রেখে প্রসিকিউশনকে যুক্তিতর্ক উপস্থাপন শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। এরপর সকাল ১১টার দিকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।
অভিযোগ অনুসারে মতিলাল চৌধুরীসহ সাতজনকে অপহরণ, গুডসহিলে নিয়ে নির্যাতন এবং হত্যার দায়ে অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে প্রথম অভিযোগে প্রত্যক্ষ সাক্ষী দেবব্রত বিশ্বাসের জবানবন্দি উদ্ধৃত করে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ।
সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগে সাক্ষীদের জবানবন্দি ও জেরার বিভিন্ন অংশ উদ্ধৃত করে প্রসিকিউটর বলেন, এ অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে।
“এ অভিযোগের প্রায় প্রতিটি ঘটনায় আসামি সালাউদ্দিন কাদের সশরীরে উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, ১৯৭১ সালের ১৩ এপ্রিল চট্টগ্রামের হিন্দু অধ্যুষিত এলাকা মধ্যগহিরায় গিয়ে সুনির্দিষ্টভাবে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের হত্যা করা হয়। যদিও পাশ্ববর্তী মুসলিম বাড়িগুলোতে কোনো আক্রমণ চালানো হয়নি।”
‘হিন্দু পরিচয়টাই তাদের অপরাধ ছিল’ উল্লেখ করে প্রসিকউটর সুলতান মাহমুদ বলেন, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে সালাউদ্দিন কাদেরের বাবা ফজলুল কাদের চৌধুরী কনভেনশন মুসলিম লীগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
“সেই নির্বাচনে ফজলুল কাদের চৌধুরী আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হলে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে পরবর্তীকালে এ গণহত্যা সংগঠিত করা হয়। কারণ, এ নির্বাচনী এলাকায় ভোটারদের একটি বড় অংশ ছিল হিন্দু ধর্মাবলম্বী।”
প্রসিকিউটর বলেন, এসব হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। তাই এটি গণহত্যা। এ অভিযোগে প্রসিকিউশনের তিনজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালে।
তৃতীয় অভিযোগে নূতন চন্দ্র সিংহ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে ট্রাইব্যুনালে দেয়া ছয়জন সাক্ষীর জবানবন্দি এবং জেরার বিভিন্ন অংশ উদ্ধৃত করে যুক্তি উপস্থাপন করেন সুলতান মাহমুদ।
তৃতীয় অভিযোগে যুক্তিতর্ক উপস্থাপন অসমাপ্ত অবস্থায় রেখে ট্রাইব্যুনাল সোমবার পর্যন্ত শুনানি মুলতবি করে।
সোম ও মঙ্গলবারও যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন।
৩১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আসামিপক্ষের যুক্তিতর্কের মধ্য দিয়ে শেষ হবে এ মামলার বিচারিক প্রক্রিয়া। এর পরে রায় ঘোষণার দিন ধার্য করবে ট্রাইব্যুনাল।
‘নূতন চন্দ্রকে গুলি করেন সাকা চৌধুরী’
সালাউদ্দিন কাদেরের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন তিনি নিজেসহ মোট চারজন। অন্য তিনজন হলেন তার কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু নিজাম আহমেদ, এশিয়া-প্যাসিফিক ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাইয়ুম রেজা চৌধুরী এবং সাবেক রাষ্ট্রদূত আব্দুল মোমেন চৌধুরী।
এর আগে সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এ মামলার তদন্ত কর্মকর্তা মো. নূরুল ইসলামসহ প্রসিকিউশনের মোট ৪১ জন সাক্ষী। আর চারজন সাক্ষীর তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল।
সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষী হিসেবে সাক্ষী দিয়েছেন তারা হলেন বাংলা একাডেমীর সভাপতি ড. আনিসুজ্জামান, চট্টগ্রামের ব্যবসায়ী সলিমুল্লাহ, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সিরু বাঙালি, নুতন চন্দ্র সিংহের ভাতিজা গৌরাঙ্গ সিংহ ও পুত্র প্রফুল্ল রঞ্জন সিংহ, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নির্মল চন্দ্র শর্মা, আব্বাস উদ্দিন আহম্মেদ (আব্বাস চেয়ারম্যান), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য মোঃ সালেহ উদ্দিন, ব্যবসায়ী পরাগ ধর (ক্যামেরা ট্রায়াল), মুক্তিযুদ্ধা কাজী নূরুল আফসার, মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মোহাম্মদ মাহবুবুল আলম, অরুণাংশু বিমল চৌধুরী ও তার ভাতিজা আশীষ চৌধুরী, অধ্যক্ষ গোপাল চন্দ্র দাশ, সাংবাদিক নিজাম উদ্দীন আহমেদ, ফয়েজ আহমেদ সিদ্দিকী, একজন ক্ষতিগ্রস্ত নারী সাক্ষী (ক্যামেরা ট্রায়াল), শহীদ পরিবারের সদস্য দেবব্রত সরকার, বীর মুক্তিযোদ্ধা সংগীত শিল্পী সৈয়দ ওয়াহিদুল আলম জুনু, শহীদ পরিবারের সদস্য শেখ মোরশেদ আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা আবুল বশর, শহীদ পরিবারের সদস্য অনিল বরণ ধর, মুক্তিযোদ্ধা বনগোপাল দাশ, শহীদ পরিবারের সদস্য বাবুল চক্রবর্তী বুলবুল, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের চৌধুরী, মো. সোলায়মান, ডা. এ কে এম শফিউল্লাহ, শহীদ পুত্র পরিতোষ কুমার পালিত, শহীদ পরিবারের সদস্য সুবল চন্দ্র শর্মা, শহীদ পরিবারের সদস্য মো. নাজিম উদ্দিন, শহীদ পরিবারের সদস্য সুজিত মহাজন, শহীদের স্ত্রী বাসন্তি ঘোষ, মাহমুদ আলী, বিজয় কৃষ্ণ চৌধুরী, কামাল উদ্দিন এবং শহীদ পরিবারের সদস্য চপলা রাণী।
আর জব্দ তালিকার সাক্ষীরা হলেন- বাংলা একাডেমীর সহকারী গ্রন্থাগারিক এজাব উদ্দিন মিয়া, চট্টগ্রামের রাউজান থানার জিআরও এএসআই মো. এরশাদুল হক, সাবেক জিআরও এসআই মোল্লা আব্দুল হাই ও চট্টগ্রামের গণগ্রন্থাগারের বুক সর্টার কাওসার শেখ তাদের জেরা শেষ করেছেন আসামিপক্ষ।
এছাড়া অন্য চার সাক্ষী মৃত জ্যোৎস্না পাল চৌধুরী, মৃত জানতি বালা চৌধুরী ও মৃত আবুল বশর এবং ভারতে থাকা বাদল বিশ্বাসের তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিকেই সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।
হরতালে ভাঙচুর-অগ্নিসংযোগের একটি মামলায় ২০১০ সালের ১৬ ডিসেম্বর গ্রেপ্তার করা হয় বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে। পরে ১৯ ডিসেম্বর তাকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ৩০ ডিসেম্বর আদালতের নির্দেশে প্রথমবারের মতো আদালতে হাজির করা হয়।
মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগে গতবছরের ৪ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই বিএনপি নেতার বিচার শুরু হয়।
