২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অবৈধ বিলবোর্ড ঢাকা হবে কালো রঙে’

বন্দর নগরীর অবৈধ বিলবোর্ড চিহ্নিত করে তাতে কালো রঙ লেপনের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 07:45 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

রোববার সকালে চট্টগ্রামের দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে সাক্ষাতকালে এই সিদ্ধান্ত জানান সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম।

মন্জুর আলম বলেন, অবৈধ বিলবার্ডে প্রদর্শিত বিজ্ঞাপন কালো রং দিয়ে মুছে দেয়া হবে। পাশাপাশি চার ফুট বাই পাঁচ ফুট আকারের স্টিকার লাগিয়ে ‘অবৈধ’ বিলবোর্ড চিহ্নিত করে দেয়া হবে। উচ্ছেদ অভিযানও অব্যাহত থাকবে।

সাক্ষাতকালে এই সিদ্ধান্তের বিষয়টি ঘোষণা করার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ।

অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযানের সর্বশেষ পরিস্থিতি বর্ণনা করে মেয়র বলেন, গত জুনে উচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণের পর এ পর্যন্ত ৪৯টি বিলবোর্ড অপসারণ করা হয়েছে। এছাড়া বিজ্ঞাপনী সংস্থাগুলোও ৫০টি বিলবোর্ড সরিয়ে নিয়েছে।

আলোচনায় অংশ নেয়া দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিটি মেয়র জানিয়েছেন অতি দ্রুত সব অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা সম্ভব নয়। তাই আপাতত অবৈধ বিলবোর্ডগুলো চিহ্নিত করা হবে। এতে বিজ্ঞাপন দাতারা সচেতন হওয়ার সুযোগ পাবেন।

আলোচনায় অংশ নেয়া অন্যরা হলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণ সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী, নির্বাহী সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক, দৈনিক পূর্বদেশ সম্পাদক ওসমান গণি মনসুর ও দৈনিক কর্ণফুলী সম্পাদক আফসার উদ্দিন চৌধুরী।

সাক্ষাতকালে মেয়র বলেন, সিডিএ, বন্দর ও রেলওয়েসহ বিভিন্ন সংস্থা বিলবোর্ড স্থাপনের অনুমতি দিয়ে যাচ্ছে। এছাড়া অতীতে যেসব বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের সঙ্গে ২০-২৫ বছরের চুক্তি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বেগ পেতে হচ্ছে।

গত ১৯ জুন মেয়রের সঙ্গে নগরীর অপরিকল্পিত, ঝুঁকিপূর্ণ ও সৌন্দর্যহানিকর বিলবোর্ড অপসারণের দাবি জানান চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিকের সম্পাদকরা।

এক মাস পর সেই দাবির অগ্রগতি বিষয়ে জানাতে সিটি মেয়রের কার্যালয়ে এই সাক্ষাতের আয়োজন করা হয়।

সাক্ষাতকালে অসন্তোষ প্রকাশ করে সম্পাদকরা বলেন, যে গতিতে উচ্ছেদ অভিযান চলছে তাতে সিটি করপোরেশন চিহ্নিত অবৈধ বিলবোর্ড উচ্ছেদেই কয়েক বছর লেগে যাবে।

এ সময় অবৈধ বিলবোর্ডে প্রদর্শিত বিজ্ঞাপন চিহ্নিত করে তা রং দিয়ে মুছে ফেলার প্রস্তাব দেন সম্পাদকরা।

সাক্ষাতকালে সিটি করপোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, সচিব রশিদ আহমদ ও নির্বাহী হাকিম নাজিয়া শিরিন উপস্থিত ছিলেন।