২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদিয়ার মামলা ডিবিতে স্থানান্তরের নির্দেশ

হেফাজতে ইসলামের সমাবেশের খবর সংগ্রহ করতে গিয়ে হামলায় আহত সাংবাদিক নাদিয়া শারমিনের মামলা তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশকে (ডিবি) দিতে বলেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 01:55 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

একইসঙ্গে নাদিয়ার ওপর হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে আদালত।

একটি রিট আবেদনের প্রথমিক শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ রোববার এই এই নির্দেশ দেয়।

সাংবাদিক নাদিয়া শারমিনের ওপর হামলাকারীদের দ্রুত খুঁজে বের করে আদালতে হাজির করতে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছে হাই কোর্ট।

স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক, পুলিশের মহাপরিদর্শক, গোয়েন্দা পুলিশের জয়েন্ট কমিশনার, মতিঝিল জোনের উপ-কমিশনার, মতিঝিল থানার ওসিকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

পাশাপাশি সরকারি হাসপাতালের কেবিনে রেখে নাদিয়াকে পর্যপ্ত চিকিৎসা দিতে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা মেডিকেল কলেজের পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।

আদালত বলেছে, জ্যেষ্ঠ অধ্যাপকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে ওই বোর্ডের পরামর্শ অনুসারে নাদিয়ার চিকিৎসায় যথাযথ পদক্ষেপ নিতে হবে। বোর্ড পরামর্শ দিলে এই সাংবাদিককে সরকারি খরচে বিদেশ পাঠাতে বলা হয়েছে স্বাস্থ্য সচিবকে।

এছাড়া তদন্তের জন্য মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তরে সাত দিনের মধ্যে পদক্ষেপ নিতে পুলিশের মহাপরিদর্শক, গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনারকে নির্দেশ দিয়েছে আদালত। আসামিদের বিরুদ্ধে আইন অনুসারে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে তদন্তকারী কর্মকর্তাকে।

Image
গাজীপুরকে সিটি কর্পোরেশন ঘোষণা কেন নয়: হাই কোর্ট

গাজীপুরকে সিটি কর্পোরেশন ঘোষণা কেন নয়: হাই কোর্ট

এসব নির্দেশ বাস্তবায়নে কতোটা অগ্রগতি হলো তিন সপ্তাহের মধ্যে তা আদালতকে জানাতে হবে।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ রোববার সকালে এই রিট আবেদন  জমা দেন। রিটে বাদী হিসাবে অ্যাডভেকেট আসাদুজ্জামান সিদ্দিকীর নাম উল্লেখ করা হয়েছে।

গত ২৭ জুলাই দৈনিক জনকণ্ঠে ‘ভাঙ্গা পা নিয়ে বিছানায় সাংবাদিক, পাশে দাঁড়ানোর কেউ নেই’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনও আবেদনের সঙ্গে যুক্ত করেছেন বাদী।

গত ৬ এপ্রিল মতিঝিলে হেফাজতে ইসালামের সমাবেশ চলাকালে দায়িত্ব পালনের সময় হামলায় আহত হন একুশে টেলিভিশনের প্রতিবেদক নাদিয়া।

জনকণ্ঠের প্রতিবেদনে বলা হয়, “শুক্রবার ইটিভির রিপোর্টার নাদিয়া শারমিনের সিদ্ধেশ্বরীর বাসায় গিয়ে দেখা যায়, ছোট্ট ঘরের আরও ছোট কামরায় শুয়ে-বসে দিন কাটাচ্ছেন তিনি। আগের সেই ব্যস্ততা নেই। সকালে হুড়োহুড়ি করে অফিসে যাওয়ার ব্যাপার নেই। এমনকি গোসল করতে পারেন না। নাওয়া-খাওয়া সব বিছানায়। তার ডান পায়ে প্লাস্টার। সিমেন্টের পিলারের মতো শক্ত পায়ের ওজন এতো যে, হাতের সাহায্য নিয়ে নাড়াতে হয়।

নাদিয়াকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, হেফাজতী হামলায় তার পায়ের দুটো লিগামেন্ট ছিঁড়ে যায়। সেই সঙ্গে চিড় ধরে হাঁটুর জোড়ায়। বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসকরা ওই সময় একবার হাঁটুতে অপারেশন করেন। গত ১ জুলাই হয় দ্বিতীয় দফা অপারেশন।

হামলার পর শাহবাগ থানা পুলিশ একটি মামলা করলেও গত তিন মাসে তদন্তের কোনো অগ্রগতি হয়নি বলেও অভিযোগ করেন নাদিয়া।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।

পুরনো খবর:

‘নারীবিরোধী’ এক সমাবেশ