২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ গোলাম সবুর দুর্ঘটনায় নিহত

বরগুনা-২ আসনের সাংসদ গোলাম সবুর টুলু ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফরিদপুর ও বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2013, 05:19 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিজয় কুমার বসাক জানান, শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুর্দি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সাংসদ সবুরের ব্যক্তিগত গাড়ি দুর্ঘটনায় পড়ে।

একটি কভার্ড ভ্যানকে জায়গা দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গোলাম সবুর নিহত ও চালকসহ বাকি চার আরোহী আহত হন।

এ ঘটনায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গভীর শোক প্রকাশ করেছেন।

আহতরা হলেন- সাংসদের ছোট ভাই গোলাম শহীদ নীলু (৫২), ব্যক্তিগত সহকারী শহিদুল ইসলাম (৩২), পাথরঘাটার স্কুল শিক্ষক হারুন-আর রশিদ ও চালক সগির হোসেন (৩৫)।

ভাঙ্গা থানার ওসি দাদন ফকির জানান, নীলু ও হারুনকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

এছাড়া সগির ও শহীদুলকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে রাতে তাদেরকেও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি।  

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিহতের বড় ভাই গোলাম সিদ্দিকের কাছে সাংসদের মরদেহটি হস্তান্তর করা হয় বলে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. ইমরান জানান।

তিনি বলেন, তারা মরদেহটি নিয়ে ওই সময়েই ঢাকার উদ্যেশ্যে রওনা হন।

এদিকে রাতে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বেলা সাড়ে ১১টায় সংসদের দক্ষিণ প্লাজায় গোলাম সবুর টুলুর জানাজা হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সবুর তার নির্বাচনী এলাকা বেতাগী থেকে ঢাকা যাচ্ছিলেন।

“গাড়িতে তিনি চালকের পাশেই বসা ছিলেন। তার ভাইসহ অন্যরা পেছনে ছিলেন বলে খবর পেয়েছি।”

বেতাগী উপজেলা চেয়ারম্যান এ বি এম গোলাম কবির জানান, সাংসদ সবুর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা করেছিলেন।

সভায় আগামী ৫ অগাস্ট দলের পক্ষ থেকে বেতাগীতে ইফতারের আয়োজন করা হবে এবং সেখানে তিনি উপস্থিত থাকবেন।

“তার আর আসা হবে না”, আক্ষেপ করে বলেন উপজেলা চেয়ারম্যান।

৬০ বছর বয়সী গোলাম সবুর মধুমতি সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে পাথরঘাটা-বেতাগী-বামনা (বরগুনা-২) আসন থেকে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন তিনি।

সবুর স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।

এদিকে সংসদ সদস্য গোলাম সবুরের মৃত্যুতে বরগুনা প্রেসক্লাব ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।

প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন কামাল ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কাদের জানান, শনিবার থেকে ৩ দিনব্যাপী কালো ব্যাজ ধারণ, প্রেসক্লাবের সামনে শোক বাণীসহ কালো ব্যানার টানানো এবং আগামী ২৯ জুলাই স্মরণসভা ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পুরনো খবর:

গোলাম সবুরের মৃত্যুকে প্রধানমন্ত্রীর শোক