বিএনপি অফিসে আগুন দেয়ার ঘটনায় মামলা
চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ে আগুন দেয়ার ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
কোতয়ালী থানার এসআই উৎপল বড়ুয়া জানান, বুধবার গভীর রাতে নগর বিএনপির পক্ষে এমদাদ হোসেন নামে মুহসিন কলেজের এক ছাত্রদল নেতা মামলাটি দায়ের করেন। তবে এজাহারে আসামি হিসাবে কারো নাম বা সংখ্যা উল্লেখ করা হয়নি।
এসআই উৎপল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অজ্ঞাতপরিচয় কিছু লোক কার্যালয়ে আগুন দিয়েছে বলে মামলায় উল্লেখ করেছেন এমদাদ।
বুধবার ওই ঘটনার পর আটক পাঁচজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম কোতোয়ালী থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম জানান, চট্টগ্রামে ছাত্রদলের নতুন কমিটিতে স্থান না পাওয়া নেতাকর্মীরা বুধবার বিকালে নগরীর নসিমন ভবনের সামনে বিক্ষোভ করার সময় বিএনপি কার্যালয়ে আগুন দেয়।
অবশ্য নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেনের দাবি, বিএনপি কার্যালয়ে ছাত্রদলের কেউ আগুন দিতে পারে না। এর সঙ্গে বাইরের কেউ জড়িত।
এ ঘটনায় বুধবার পুলিশ সাত ছাত্রদল কর্মীকে আটক করলেও পরে দুজনকে ছেড়ে দেয়।
প্রায় এক দশক পর গত ২১ জুলাই রোববার গাজী সিরাজ উল্লাহকে সভাপতি এবং বেলায়েত হোসেন বুলুকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
ওই কমিটি বাতিলের দাবিতে পরদিন থেকেই বিক্ষোভ শুরু করে পদবঞ্চিতরা। নতুন কমিটিতে যুগ্ম সম্পাদকের দায়িত্ব পাওয়া আলী মর্তুজা খানকে আন্দোলনের নেতৃত্ব দিতে দেখা যায়।
