চট্টগ্রামে বিএনপি অফিসে ‘পদবঞ্চিতদের’ আগুন
চট্টগ্রামে ছাত্রদলের নতুন কমিটিতে স্থান না পাওয়াদের বিক্ষোভের সময় বিএনপি অফিসে আগুন দেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম জানান, বুধবার বেলা পৌনে ৩টার দিকে নগরীর নসিমন ভবনে এ ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক উত্তম সেন ঘটনাস্থল থেকে বিকাল ৩টা ১০ মিনিটে জানান, তখনও ভবন থেকে ধোঁয়া বের হচ্ছিল। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল।
ওসি সেলিম বলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভরতরা বেলা আড়াইটার দিকে নগরীর কাজির দেউড়ি থেকে একটি মিছিল নিয়ে বিএনপি অফিসে আসে। এর পরপরই অফিস থেকে বিভিন্ন আসবাবপত্র বের করে তাতে আগুন দেয় বিক্ষুব্ধরা।
ঘটনাস্থল থেকে সাত জনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
সোয়া ৩টার দিকে কয়েকজন নেতাকর্মীকে নিয়ে দলীয় কার্যালয়ে আসেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন।
তিনি সাংবাদিকদের বলেন, ছাত্রদলের কেউ এটা করতে পারে না। কমিটি নিয়ে কারো অসন্তোষ থাকলে তারা বাইরে মিছিল-মিটিং করবে।
“বিএনপি কার্যালয়ে ছাত্রদলের কেউ আগুন দিতে পারে না। এর সঙ্গে বাইরের কেউ জড়িত।”
